গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

কালিয়াকৈরে গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার মধ্য পীরেরবাগ এলাকার সেলিম হোসেন (৪০), গাজীপুর শ্রীপুর থানার বন্দিভাঙ্গা গ্রামের আজহারুল ইসলাম
(৩০) ও সিলেট সদর এলাকার কৃষ্ণ (৩৫)। এ সময় বিক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। জনতা তাদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা জব্দ করে। শনিবার ভোররাত ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ১০-১২ জনের সংঘবদ্ধ গরু চোরচক্র একটি পিকআপ ভ্যান নিয়ে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির লোকজন লোকজনকে ডাকাডাকি করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন।

স্থানীয়রা জানায়, কালিয়াকৈর ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন বিভিন্ন গ্রামে দীর্ঘদিন ধরে গরু চুরি, ছিনতাই ও মাদকসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে। এসব ঘটনায় হতাশা ও ক্ষুব্ধ ছিলেন এলাকাবাসী। চুরি ঠেকাতে এলাকার লোকজন গত কয়েকদিন ধরে রাতে বিভিন্ন স্থানে ৫ জনের গ্রুপে বিভক্ত হয়ে পাহারা দিচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে পিকআপ ভ্যানে করে উপজেলার সলঙ্গা এলাকায় চোর চক্র গরু চুরির চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দেয়। পরে বাগচালা এলাকায় গেলে উত্তেজিত জনতা তিনজনকে পাকড়াও করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সেলিম নামে একজন নিহত হন। এ সময় জনতা পিকআপ ভ্যানটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস কর্মীরা পিকআপ ভ্যানের আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাগচালা এলাকার আবু বকর বাদী হয়ে গতকাল থানায় একটি অভিযোগ করেছেন।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, জনবল কম থাকায় সব এলাকায় টহল দেয়া সম্ভব হয় না। তবে বর্তমানে টহল জোরদার করা হয়েছে। আগের চেয়ে চুরি ও ছিনতাই অনেকটাই কমে এসেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম পিপিএম (বার) জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি আরও জানান, নিহতদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন