চার ম্যাচের নিষ্পত্তি, অপেক্ষায় মোহামেডান-আবাহনী

চার ম্যাচের নিষ্পত্তি, অপেক্ষায় মোহামেডান-আবাহনী

ফন্ট সাইজ:

বৃষ্টি বাগড়ায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের চার ম্যাচের ফল নিষ্পত্তি হয়েছে ডিএলএস ম্যাথডে। রিজার্ভ ডে থাকায় দুই ম্যাচের বাকি অংশ গড়াবে আজ। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২০ রানে হারায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ক্রিকেটার্স একাডেমিতে বসুন্ধরা স্ট্রাইকার্সের কাছে ১০ রানে হারে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬০ রানে হারায় গুলশান ক্রিকেট ক্লাব। বিকেএসপির চার নম্বর মাঠে বৃষ্টি আইনে ঢাকা লেপার্ডসকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় সিটি ক্লাব। লেপার্ডের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার জাকির হোসেন। ৫ ছক্কা ও ১২ চারে ১৩৭ রান করেন তিনি। মঈন খান করেন ৬৬ রান। এই দুইজনের ওপর ভর করে ৩০৬ রান করে লেপার্ডস। পরে ২০.১ ওভারে মিজানুর ও সাদিকুরের হাফ সেঞ্চুরিতে ৯৬ রান তোলে সিটি ক্লাব।

সাভারে আগে ব্যাট করতে নেমে আবু হায়দার রনি ও শামিম মিয়ার বোলিং তোপে পড়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারের আগেই ২২৭ রানে অলআউট হয় দলটি। ওপেনার হাবিবুর রহমান সোহান ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন। ৩৯ রানে ৩ উইকেট নেন রনি। লক্ষ্য তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে দারুণ শুরু এনে দুই ওপেনার সাহাদাত হোসেন দিপু ও আজিজুল হাকিম তামিম। দলীয় ৪০ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। তামিম ৩২ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। তিনে নামা আরিফুল বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ৫ রানে স্টাম্পিংয়ের শিকার হন। এরপর ব্যাট করতে নামেন আবু হায়দার রনি। দলীয় ১০৮ রানের মাথায় বৃষ্টি আসার পর মাঠে আর খেলা গড়ায়নি। বৃষ্টি আইনে ম্যাচটি জিতে নেয় প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৬১ রান করেন সাহাদাত হোসেন দিপু। লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে ১টি করে উইকেট নেন মাহাদি হাসান ও সামিউন বাসির।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩০১ রানের সংগ্রহ পায় গুলশান ক্রিকেট ক্লাব। দলটির হয়ে সেঞ্চুরি পান শাহাদাত হোসেন সবুজ। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। ১২১ বলে ১৩২ রানে অপরাজিত থাকেন তিনি। সবুজের ইনিংসে ছিল ১৭ চার ও ১ ছক্কার মার। শাহরিয়ার সাকিব করেন ৭৫ রান। অগ্রণী ব্যাংকের হয়ে আশরাফুল ইসলাম রোহান নেন ২ উইকেট। এরপর বৃষ্টি নামে। ২৬ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ১৯৩ রান। সেই লক্ষ্য পেরোতে পারেনি অগ্রনী ব্যাংক। ২৪ ওভার ২ বলে ১৩২ রানে অলআউট হয় দলটি। গুলশানের হয়ে ফরহাদ রেজা, আব্দুর রহিম ও নাইম হোসেন রাকিব তিনটি করে উইকেট নেন।
দিনের আরেক ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগে ব্যাট করে ২৩৫ রান করে বসুন্ধরা স্ট্রাইকার্স। দলের হয়ে ওপেনার ইমরানুজ্জামান ৫৯ ও অধিনায়ক নুরুল হাসান সোহান করেন ৭৩ রান। বৃষ্টিবাধায় ৩৪ ওভারে গাজী গ্রুপের লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল আগে ১৮৩ রানে অলআউট হয় গাজী গ্রুপ। সাব্বির হোসেন ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন।

আবাহনী ও ব্রাদার্স মধ্যকার ম্যাচের বাকি অংশ আজ মাঠে গড়াবে। প্রথমে ব্যাট করে ২৮৩ রান করেছে আবাহনী। জবাবে ১২ ওভারে ১ উইকেটে ৪৯ রান তুলেছে ব্‌্রাদার্স। আবাহনীকে হারাতে আরো ২৩৫ রান প্রয়োজন দলটির। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে জয়ের সুবাতাস পাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করে ৩৪৫ রান তুলে ঐতিহ্যবাহী ক্লাবটি। জবাবে ৫৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে ব্রাদার্স।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন