সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা মিশনে থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। গতকাল সেখানে আফঈদা-ঋতুপর্ণারা তৃতীয় অনুশীলন সেশন করেন। যেখানে দলের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে কাজ করেছেন কোচ পিটার বাটলার। পাশাপাশি ফিনিশিং এবং সেট-পিস নিয়েও কাজ করেছেন এই বৃটিশ কোচ।
থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন, ‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনও ইনজুরি আপডেট নেই। আজকে (গতকাল) যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার, সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’ বাংলাদেশ দলের প্রথম ক্লোজড-ডোর প্রস্তুতিমূলক ম্যাচটি থাইল্যান্ড নারী লীগের ক্লাব কাসেমবন্ডিত এফসির বিপক্ষে গতকাল হওয়ার কথা ছিল।
তবে প্রধান কোচ পিটার বাটলারের সিদ্ধান্তের কারণে তা একদিন পিছিয়ে দেয়া হয়। ম্যাচটি আজ মাঠে গড়ানোর কথা রয়েছে। ১৩ই মে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে ২১শে মে দল সরাসরি যাবে ভারতের গোয়ায়। সেখানে ৬ দল নিয়ে গড়াবে এবারের সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮শে মে প্রথম ম্যাচে হ্যাটট্রিক শিরোপা মিশনে মাঠে নামবে লাল-সবুজের মেয়েরা।
