মাত্র ৫০০ টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে রোববার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা থেকে মুখ্যমন্ত্রী থালাপাতির জীবন সিনেমার মতোই। তার বেড়ে ওঠা সিনেমা পরিবারে। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার জনপ্রিয় পরিচালক।
১৯৮৪ সালে তার বাবার পরিচালিত সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় ভুবনে পা রাখেন তিনি। সেই ছবিতে অভিনয়ের জন্য বিজয়কে দেয়া হয়েছিল মাত্র ৫০০ রুপি। কেউ কল্পনা করতে পারেনি সেই শিশু দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাতে পরিণত হবেন। শেষ সিনেমা ‘জন নায়গন’র জন্য বিজয় ২২০ কোটি রুপি নিয়েছেন। ৫০০ টাকা পারিশ্রমিকে অভিনয় জীবন শুরু করে ২২০ কোটি টাকা পারিশ্রমিকে অভিনয় ক্যারিয়ারে ইতি টানেন বিজয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন উত্থান খুব কম অভিনেতার ক্ষেত্রেই দেখা গেছে।
নব্বইয়ের দশক থেকে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকলেও থালাপতির ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় ২০০৪ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘ঘিল্লি’। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ‘মাস হিরো’ উপাধি পান। তারপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
ক্যারিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়ে বিজয় ঘোষণা দেন, তিনি রাজনীতিতে পূর্ণ সময় দিতে সিনেমা থেকে সরে যাবেন। সে কারণেই ‘জন নায়গন’কে তার শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তামিল সিনেমার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। আগামী ২২শে জুন বিজয়ের জন্মদিনে সিনেমাটি মুক্তি পাবে।
