বিদায়ের দিন সাবালেঙ্কার চোট, শঙ্কায় রোলাঁ গারো

বিদায়ের দিন সাবালেঙ্কার চোট, শঙ্কায় রোলাঁ গারো

ফন্ট সাইজ:

আসন্ন ফরাসি ওপেনের ঠিক আগ মুহূর্তে বড়সড় ধাক্কা খেলেন আরিনা সাবালেঙ্কা। ইতালিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে রোমানিয়ার সোরানা কাস্টিয়ার কাছে হেরে বিদায় নিলেন বেলারুশিয়ান এই মহাতারকা। তবে হার ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তার পিঠের চোট। আগামী ২৪শে মে থেকে শুরু হতে যাওয়া রোলাঁ গারোর লড়াইয়ের আগে সাবালেঙ্কার জন্য এটি বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে।

রোমের সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত রোমাঞ্চকর লড়াইয়ে ২-৬, ৬-৩, ৭-৫ গেমে জয় তুলে নেন ৩৬ বছর বয়সী কাস্টিয়া। এটি ছিল তার ক্যারিয়ারে কোনো শীর্ষ বাছাইয়ের বিপক্ষে প্রথম জয়। নিজের শেষ পেশাদার মৌসুম খেলতে নামা এই রোমানিয়ান তারকা উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আরিনা একজন অসাধারণ খেলোয়াড়। তবে আমি মনে করি, আজ আমি আমার সেরাটা দিতে পেরেছি। দীর্ঘদিন কঠোর পরিশ্রমের পর এমন একটি ফলাফল সত্যিই দারুণ তৃপ্তিদায়ক।’

ম্যাচের শুরুটা দাপটের সাথে করলেও, শেষের দিকে তা ধরে রাখতে পারেননি ২৮ বছর বয়সী সাবালেঙ্কা। বিশেষ করে, পিঠের নিচের অংশে তীব্র ব্যথার কারণে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সাবালেঙ্কা নিজের চোট নিয়ে বলেন, ‘সম্ভবত আমার পিঠের নিচের দিকের সমস্যার কারণে হিপ রোটেশনে অসুবিধা হচ্ছিল। এখন কয়েক দিন সম্পূর্ণ বিশ্রামে থেকে সুস্থ হয়ে ওঠাই আমার প্রধান লক্ষ্য।’

গত বছর ফরাসি ওপেনের ফাইনালে কোকো গফের কাছে পরাজিত হওয়া সাবালেঙ্কা এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে প্যারিসে নামতে চেয়েছিলেন। তবে মাদ্রিদ ওপেনে হেইলি বাপ্তিসতের কাছে হার এবং রোমের এই চোট তার সেই স্বপ্নে কিছুটা হলেও আঘাত হানলো।

অন্য ম্যাচে ইতালির ঘরের মাঠে এলিস মের্টেনসের কাছে হেরে বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন জেসমিন পাওলিনি। ফলে আসন্ন র‌্যার্ঙ্কিংয়ে সেরা দশ থেকে তার ছিটকে পড়া এখন সময়ের ব্যাপার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন