বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ দিতে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

যুক্তরাষ্ট্রে মানবজমিনকে প্রবাসী কল্যাণ মন্ত্রী

বৈধ পথে রেমিট্যান্সে উৎসাহ দিতে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

ফন্ট সাইজ:

প্রবাস থেকে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের জন্য চালু করা হচ্ছে প্রবাসী কার্ড। দেশের আর্থিক উন্নয়নে তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই কার্ডে থাকবে বিশেষ সুযোগ -সুবিধা। এছাড়া প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্রে মানবজমিনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান,  প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা।

জাতিসংঘের দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সেখানে এই বিশেষ সাক্ষাৎকারে প্রবাসীদের জন্য সুখবর দেন তিনি । জানালেন,  দেশের আর্থিক খাতকে শক্তিশালী করতে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদের জন্য আগামী দুই মাসের মধ্যে চালু হতে যাচ্ছে প্রবাসী কার্ড। যে কার্ডের মাধ্যমে থাকবে বিভিন্ন সুযোগ-সুবিধা। বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন, দেশে অবস্থানকালে নিরাপত্তা কিংবা তাদের সম্পদের সুরক্ষা প্রদান করা হবে। যার বেশি রেমিট্যান্স পাঠাবেন, তাদেরকে সবচেয়ে বেশি লজিস্টিক সাপোর্ট দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ-আমেরিকা, বিশ্বের সব জায়গায় অবস্থানরত বাংলাদেশিদের প্রবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার প্রবাসী বান্ধব, তাই প্রবাসীদের এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ হচ্ছে বলে জানান আরিফুল হক চৌধুরী।

প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করতে কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জানান, প্রবাসীরা অনেকেই দেশে বিনিয়োগ করতে চান, কিন্তু বিভিন্ন জটিলতা আর প্রতারকদের পাল্লায় পড়ে তারা সেই আগ্রহ হারিয়ে ফেলেন। বর্তমান সরকার প্রবাসীদের দেশে বিনিয়োগ এবং নিরাপত্তা দিয়ে উৎসাহিত করবে।

ঢাকা -নিউ ইয়র্ক ফ্লাইটের দাবি নিয়ে মন্ত্রী জানান, বিষয়টি সময় সাপেক্ষ। তারপরেও শুধু নিউ ইয়র্ক নয়, বিশ্বের অন্যান্য দেশ থেকেও যেনো সরাসরি ফ্লাইট চালু করা যায় সেজন্য চেষ্টা করা হবে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়ার বিষয়েও গুরুত্ব দেয়া হবে বলে জানান আরিফুল হক চৌধুরী।

পর্যটন এলাকা হিসেবে পরিচিত সিলেটের -৪ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য জানান, গোয়াইনঘাটে উপজেলাতে দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হবে। তার নির্বাচনী এলাকা এতদিন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অবহেলিত ছিল। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন । আগামী এক বছরের মধ্যে তার কিছুটা দৃশ্যমান হবে বলেও মনে করেন আরিফ । এছাড়া জাফলং পর্যন্ত রেল লাইন নির্মাণসহ পর্যটকদের নিরাপত্তা এবং তাদের সুবিধার্থে এলাকাগুলোতে নেয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা।

পেছনের কাদা ছোড়াছুড়ি পরিহার করে সামনের দিকে দেশকে এগিয়ে নেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সম্প্রীতিটাকে আরও বেশি সমৃদ্ধশালী করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে ।

Abu Yusuf Khan

২ মাস আগে

প্রবাসীদের জন্য NID সহজীকরণ চাই । কিছুটা কাজ এগিয়েছে । যেমন এখানে আবেদন ফর্ম জমা নেওয়া হচ্ছে, বায়োমেট্রিক হচ্ছে । কিন্তু তারপর পাঠানো হচ্ছে বাংলাদেশ আঞ্চলিক নির্বাচন অফিসে সনাক্তকরণের জন্য । যা হয়রানি বা ঘুষ ছাড়া হয় না । তাই অনুরোধ বাংলাদেশ পাসপোর্টের জন্য যেমন পুলিশ ভেরিফিকেশন বন্ধ হয়েছে তেমনি NID সনাক্তকরণও বন্ধ করা হোক । গত নির্বাচনের আগে NID জন্য আবেদন করেছি কিন্তু এখনও আঞ্চলিক নির্বাচন ৪ অফিস (মিরপুর) টালবাহানা করছে । অনেক ডকুমেন্টস দেওয়ার পরও ।

Kazi S.Rahman

২ মাস আগে

প্রবাসী-কার্ড meaning is nothing
all facilities will be get after we die and its true we will get nothing before die.

মন্তব্য করুন