ইরানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের ষড়যন্ত্রকে খাটো করে না দেখতে তেহরানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ইত্তেলা’আত পত্রিকা। রোববার (১০ মে) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আবারো সংঘাতে জড়ানোর চেষ্টা করছে আরব আমিরাতের কর্মকর্তারা। পত্রিকাটি লিখেছে, আরব আমিরাতের নেতৃত্ব তাদের আঞ্চলিক আধিপত্য পুনরুদ্ধার, বাণিজ্য, তেল ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ‘লাভজনক নেটওয়ার্কগুলো’ রক্ষা করার
লক্ষ্যে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে ইরানের অবস্থান দুর্বল করতে চাইছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে দেশ দুইটিকে আরব আমিরাত মদত দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় খবর চাউর হয়েছে।
যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ইরান যেসব দেশে হামলা চালিয়েছে তার মধ্যে আরব আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েক দফায় আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান।
ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছে যে তারা আরব আমিরাতকে মানচিত্র থেকে মুছে দিবে।
অন্যদিকে যুদ্ধের সময় ইসরাইলের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক আরও জোরদার হয়েছে। এ ছাড়া যুদ্ধের সময় দেশটিকে বিভিন্ন অস্ত্র দিয়েও সহযোগিতা করেছে ইসরাইল।
