তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

মোহাম্মদপুরে ৯ হত্যা

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এ মামলায় গ্রেপ্তার চারজন হলেন-নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।

পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলাম রাষ্ট্রন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এই মামলায় উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ মদদে জুলাই গণঅভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আনা হয়। এতে মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত ও ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন।

এর আগে, ২৬ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। ওই দিন শুনানিতে প্রসিকিউশনের পক্ষে আনা তিনটি অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। এছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাপসের ফোনালাপের প্রসঙ্গও তুলে ধরা হয়। একইসঙ্গে অন্য আসামিদের উপস্থিতি ভিডিও ফুটেজে উঠে এসেছে বলেও ট্রাইব্যুনালকে জানান তামিম। প্রসিকিউশনের কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে উল্লেখ করে ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করা হয়।
পাশাপাশি মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য ৮ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এদিকে, ফেনীতে মানবতাবিরোধী অপরাধ: সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আগামী ২১শে জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ ট্রাইব্যুনাল-২।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন