ইংলিশ প্রিমিয়ার লীগে আর্সেনালের ওপর চাপ বাড়িয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে শনিবার ঘরের মাঠে সিটিজেনদের জয় ৩-০ গোলে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শেষে গানারদের পরবর্তী প্রতিপক্ষ ওয়েস্ট হ্যামের প্রতি এক আর্জি জানালেন সিটি কোচ পেপ গার্দিওলা। নিজের দুই হাত বুকের ওপর আড়াআড়ি করে হ্যামারদের আইকনিক ভঙ্গি নকল করে সিটি বস হাসিমুখে চিৎকার করে বললেন, ‘কাম অন, ইউ আয়রনস!’
এ জয়ে ৩৫তম রাউন্ড শেষে আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান দুইয়ে নেমে এসেছে সিটির। যদিও ইত্তিহাদ স্টেডিয়ামে অনেকটা সময় খুব একটা স্বস্তিতে ছিল না গার্দিওলার দল। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার দৌড়ে থাকা ব্রেন্টফোর্ড সিটিকে বেশ লম্বা সময় আটকে রাখে। অবশেষে ঘণ্টার কাঁটা পার হওয়ার ঠিক পরেই ডেডলক ভাঙেন জেরেমি ডোকু। এরপরই চিরচেনা রূপ ধারণ করে স্বাগতিকরা। দলের দ্বিতীয় গোলটি করেন আর্লিং ব্রুট হালান্দ। ম্যাচের শেষ দিকে ওমর মারমুশকে আরেকটি দিয়ে গোল করান এ নরওয়েজিয়ান তারকা।
চলতি সপ্তাহের শুরুতে এভারটনের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পর শিরোপা জয়ের নিয়ন্ত্রণ আর পুরোপুরি সিটির হাতে নেই। তবুও গার্দিওলা স্বীকার করেন, এই লড়াই তিনি প্রতি সেকেন্ডে উপভোগ করছেন। তিনি বলেন, ‘আমি আবারও এখানে (শিরোপা লড়াইয়ে) থাকতে পেরে দারুণ খুশি। এই মৌসুমে আমরা অন্তত দ্বিতীয় হচ্ছি, তাই আমি এটি পছন্দ করছি।’
গত মৌসুমের তুলনায় এই মৌসুমটি কতটা আলাদা, তা নিয়েও কথা বলেন এই স্প্যানিশ কোচ। গতবার লিভারপুলের চেয়ে ১৩ পয়েন্ট পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লীগের টিকিটের জন্য লড়তে হয় সিটিকে। গার্দিওলা অকপটে স্বীকার করেন, ‘গত মৌসুমটা আমি উপভোগ করিনি। চ্যাম্পিয়নস লীগ কোয়ালিফাই করার জন্য লড়াইয়ের ওই মুহূর্তগুলো খুব কঠিন ছিল।’
ইতিমধ্যে কারাবাও কাপ জেতা এবং এফএ কাপের ফাইনালে ওঠা সিটি এখন অবিশ্বাস্য এক সমাপ্তির অপেক্ষায়। তবে গার্দিওলা ভালো করেই জানেন, আর্সেনালের পা হড়কানো এখন অপরিহার্য। তিনি বলেন, ‘এটি এখন আর আমাদের হাতে নেই। তাই তাদের পয়েন্ট হারানোর ওপরই সব নির্ভর করছে।’
