ইন্টার মায়ামির টানা হারের ক্ষতে প্রলেপ দিলেন লিওনেল মেসি। কানাডার ক্লাব টরন্টো এফসির বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের দিন তিন গোলেই অবদান আর্জেন্টাইন মহাতারকার। এক গোল ও দুই অ্যাসিস্টে বড় জয় এনে দেয়ার পাশাপাশি (মেজর লীগ সকারের) এমএলএসের ইতিহাসে এক অনন্য রেকর্ডের চূড়ায় বসলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এমএলএসের নিয়মিত মৌসুমে ১০০ গোলে অবদান রাখতে মেসি সময় নিলেন স্রেফ ৬৪ ম্যাচ। এর মাধ্যমে তিনি ভেঙে দিলেন ইতালিয়ান ফরোয়ার্ড সেবাস্তিয়ান জিওভিনসোর রেকর্ড। টরন্টোর হয়ে খেলা জিওভিনসোর এই মাইলফলক ছুঁতে লাগে ৯৫ ম্যাচ। অর্থাৎ, প্রায় ৩১ ম্যাচ আগেই মেসির এই রাজকীয় সেঞ্চুরি। পরিসংখ্যান অনুযায়ী, মেসি ৫৯টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪১টি গোল। তালিকায় রবি কিনের মতো তারকাদের লেগেছিল ৯৬ ম্যাচ।
