এবার ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসরে নামবে একঝাঁক বিশ্ব মাতানো তরুণী। তার মধ্যে আছেন ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরা। ভারতের সেনসেশন নোরা ফাতেহি। আরও থাকবেন কে-পপ গার্ল গ্রুপ ব্লাকপিংকের সদস্য লিসা। লস অ্যানজেলেসে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে পারফর্ম করবেন তিনি।
৯ই মে স্থানীয় সময় ফিফা আনুষ্ঠানিকভাবে আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান শিল্পীদের নাম ঘোষণা করে। এবারের বিশ্বকাপ তিনটি দেশে অনুষ্ঠিত হওয়ায় কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র এই তিন আয়োজক দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে ফিফা।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠবেন লিসা। তার সঙ্গে আরও পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, রেমা ও তাইলা। ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেন, লস অ্যানজেলেসের এই উদ্বোধনী অনুষ্ঠান দেখাবে ফিফা বিশ্বকাপ ২০২৬ কতটা বিশাল আয়োজন হতে যাচ্ছে। তিনি আরও বলেন, শিল্পীদের এই তালিকা যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দেশটির বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের প্রাণশক্তিকে তুলে ধরে। একই সঙ্গে এটি সংগীত, বিনোদন ও পপ সংস্কৃতিতে যুক্তরাষ্ট্রের গভীর প্রভাব এবং সংগীতের মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিকেও তুলে ধরবে।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান ১২ জুন স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে। এর ৯০ মিনিট পর যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী ম্যাচ হবে।
