স্টারমারের জন্য এটাই শেষ নির্বাচন হওয়া উচিত: লেবার এমপি

স্টারমারের জন্য এটাই শেষ নির্বাচন হওয়া উচিত: লেবার এমপি

ফন্ট সাইজ:

ব্র্যাডফোর্ড ইস্টের লেবার পার্টির এমপি ইমরান হুসেইন বলেছেন, দলটির ‘তৃণমূলের কাছে ফিরে যাওয়া’ প্রয়োজন এবং প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের জন্য ‘এটাই শেষ নির্বাচন হওয়া উচিত।’ তিনি এই মন্তব্য করেন এমন এক সময়ে, যখন তার দল সারা দেশে ‘বিপর্যয়কর’ ফলের মুখে পড়েছে। ব্র্যাডফোর্ডেও লেবার কাউন্সিল নেতা সুসান হিঞ্চক্লিফ নিজের আসন রিফর্ম ইউকের কাছে হারিয়েছেন। চূড়ান্ত ফল ঘোষণার আগে স্থানীয় নির্বাচনে গণনার শেষ দিনে কথা বলতে গিয়ে হুসেইন বলেন, এটি লেবার পার্টির ইতিহাসের সবচেয়ে খারাপ ফল। তিনি বলেন, ক্ষমতায় থাকার দুই বছরে লেবার কীভাবে ভুল করতে হয়- তার একটি ‘পাঠ্যবইয়ের উদাহরণ’ তৈরি করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

২০২৩ সালে গাজা ইস্যুতে স্যার কিয়ের স্টারমারের ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা হুসেইন বলেন, শীতকালীন জ্বালানি ভাতা কমানো এবং দুই সন্তান ভাতা নীতি বাতিলের মতো সিদ্ধান্তগুলোর কারণেই দলটির এই খারাপ ফল হয়েছে। এই এমপির দাবি, রিফর্ম ইউকের সাফল্য মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণার উন্মুক্ত মৌসুম তৈরি করেছে। তিনি বলেন, এখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ থাকবে। কারণ মনে হচ্ছে আমরা রিফর্ম পার্টির দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচিত নতুন রিফর্ম ইউকে কাউন্সিলর স্যালি বার্চ বলেন, সব দলেই ভুল কারণে রাজনীতিতে আসতে চাওয়া মানুষ থাকে। তিনি বলেন, কিছু মানুষ রাজনীতি বা অন্য যেকোনো পেশায় ভুল উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। হ্যাঁ, রিফর্মেও এমন কিছু মানুষ ছিল যারা ভুল কারণে প্রার্থী হতে চেয়েছিল।

বার্চ আরও বলেন, যখন যাচাই-বাছাই বা অন্যভাবে আমরা বিষয়টি জেনেছি, তখন সেই প্রার্থীদের নির্বাচন করতে দেয়া হয়নি। রিফর্মকে নিয়ে যাদের ভয় বা উদ্বেগ আছে, আমি বলব- এসে আমাদের সঙ্গে দেখা করুন, কথা বলুন। শিপলির এমপি আনা ডিকসন বলেন, স্থানীয় নির্বাচনের ক্ষতি জাতীয় প্রবণতার অংশ এবং এটি ব্র্যাডফোর্ড কাউন্সিলে লেবারের নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি রায় নয়। তিনি স্টারমারের পদত্যাগের দাবিতে যোগ দেননি। তিনি বলেন, আমি মনে করি না, আমরা যদি তাড়াহুড়ো করে সমাধান হিসেবে প্রধানমন্ত্রী পরিবর্তনের পথে যাই, তাহলে দেশ আমাদের ধন্যবাদ দেবে। তার মতে, রিফর্ম ইউকে মানুষের ক্ষোভ ও অসন্তোষকে কাজে লাগাচ্ছে এবং সেটিকে আরও উসকে দিচ্ছে। তবে তিনি স্বীকার করেন, লেবার দৃশ্যমান পরিবর্তন দ্রুত আনতে পারছে না।

ডিকসন বলেন, আমাদের বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নিতে হবে। আমাদের জন্য এটি সত্যিই ভয়াবহ ফল এবং মানুষের হতাশা বুঝতে হবে। তিনি আরও বলেন, আমি খুবই উদ্বিগ্ন যে ব্র্যাডফোর্ডে আমরা কিছুটা এগোলেও এখনও আমাদের সম্ভাবনা পূরণে অনেক পথ বাকি। আর এখন সেই সম্ভাবনাই ঝুঁকির মুখে পড়তে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন