হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সুরক্ষায় সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে বৃটেন মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধজাহাজ মোতায়েন করছে বলে শনিবার জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, রয়েল নেভির যুদ্ধজাহাজ এইচএমএস ড্রাগন মাইন অপসারণ কার্যক্রমে সহায়তা করবে এবং জাহাজগুলোকে সুরক্ষা দেবে। এই পরিকল্পনাকে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এইচএমএস ড্রাগন আগে থেকেই অবস্থান করানো সতর্কতামূলক পরিকল্পনার অংশ।
এর মাধ্যমে পরিস্থিতি অনুকূলে এলে বৃটেন ও ফ্রান্সের যৌথ নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে হরমুজ প্রণালি সুরক্ষিত করতে বৃটেন প্রস্তুত থাকবে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে বহুজাতিক মিশন গঠনের উদ্যোগে বৃটেন ও ফ্রান্স নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে তারা অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদেরও এতে অংশ নিতে উৎসাহিত করছে।
