টেবিল টপার বসুন্ধরা কিংসের কাছে বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) ১৫তম রাউন্ডে ২-১ গোলে হারে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে পরের ম্যাচেই জয়ে ফিরলো সাদা-কালোরা। মানিকগঞ্জের মিরাজ-তপন স্টেডিয়ামে প্রতিবেশী আরামবাগ ক্রীড়াচক্রকে গতকাল ২-০ গোলে হারায় মোহামেডান। এ জয়ে ১৬ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জকে পেছনে ফেলে টেবিলের পাঁচে উঠে এসেছে ঐতিহ্যবাহী ক্লাবটি। শীর্ষে থাকা কিংসের থেকে ১৫ ও দুইয়ে থাকা আবাহনীর চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে মোহামেডান। আর ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আরামবাগ। প্রথম পর্বে মোহামেডান-আরামবাগ লড়াই ১-১ গোলে ড্র হয়।
লীগ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া মোহামেডান ম্যাচের অষ্টম মিনিটে লিড নেয়ার সুযোগ পায়। বাম প্রান্ত দিয়ে জুয়েল মিয়ার বাড়ানো পাসে আলতো টোকা দেন স্যামুয়েল বোয়াটেং। সেই বল গোলপোস্টে লেগে ফিরে আসলে মোহামেডান সমর্থকদের হতাশ হতে হয়। প্রথমার্ধজুড়ে আরামবাগের গোলরক্ষক আজাদ ছিলেন অপ্রতিরোধ্য। ৪০ মিনিটে সৌরভের নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করার পর আরিফের শটও দারুণ দক্ষতায় রুখে দেন। বিরতির ঠিক আগে গোল পেতে পারতো আরামবাগ। ল্যানটেই মিলসের ক্রসে বক্সে ফাঁকায় থাকা কুয়ামে কিজিতো হেড নিলেও তা লক্ষ্যে থাকেনি। গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। ৫২ মিনিটের সময় ডেডলক ভাঙে মোহামেডান। সাইফুলের পাস ক্লিয়ার করতে গিয়ে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসেন আজাদ। কিন্তু বলের নাগাল পাননি। ডি বক্সের ভেতরে সেই বল পেয়ে গোল করেন সৌরভ দেওয়ান। ৭৫ মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে নিখুঁত কাটব্যাক করেন আরিফ। সেই বল প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন বদলি নামা স্ট্রাইকার রহিম উদ্দিন। এরপর রেফারির শেষ বাঁশি বাজার আগে কোনো দলই গোল করতে পারেনি।
১২তম রাউন্ডে আবাহনীর কাছে হারের পর প্রধান কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে মোহামেডান। এরপর দায়িত্ব পান সহকারী কোচ আবদুল কাইয়ুম সেন্টু। তিনি দায়িত্ব নেয়ার পর চার ম্যাচে এটি মোহামেডানের তৃতীয় জয়। এর আগে ফকিরেরপুল ও পিডব্লুডিকে হারালেও গত রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে হারে সাদা-কালোরা।
রাজশাহীতে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ৩-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের পক্ষে পাকিস্তানি ফরোয়ার্ড শায়েক দোস্ত জোড়া গোল করেন। রহমতগঞ্জের জাভেদ আহমেদ শুরুতে গোল করে দলকে এগিয়ে নিলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি তারা। এই হারের ফলে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেছে রহমতগঞ্জ। ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে ব্রাদার্স।
