দেশ জুড়ে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই রোগ ও উপসর্গে ৩৫০ জনের বেশি শিশুর প্রাণহানি হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ শিশু।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া এক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৪৮৯ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।
সারা দেশে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যুর তথ্য শনিবার স্বাস্থ্য অধিদপ্তর দিয়েছে। এ সময় হামের উপসর্গ নিয়ে ২৯১ জন মারা গেছে।
বুলেটিনে বলা হয়েছে, এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৩৫ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৮ জন রাজশাহী বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ, সেখানে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৫, খুলনায় ১৮ জন ও বরিশালে ১২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ৯৪৬ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১ জন ভর্তি হয়েছে রংপুরে।
১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬। এদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের হাম শনাক্ত হয়েছে।
