৭ শর্ত মানলে ফুটবল বিশ্বকাপে খেলবে ইরান

ফন্ট সাইজ:

শর্ত সাপেক্ষে বিশ্বকাপে খেলার ঘোষণা দিলো ইরান। গতকাল ইরান ফুটবল ফেডারেশন তাদের অফিশিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘আমরা অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবো। তবে আয়োজক দেশগুলোকে আমাদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমাদের বিশ্বাস, সংস্কৃতি ও আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে আমরা বিশ্বকাপে অংশ নেবো।’ তবে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্র ও ফিফার কাছে ৭ শর্ত বেঁধে দিয়েছে দেশটি।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ স্থানীয় এক গণমাধ্যমে এই ৭ শর্তের কথা খোলাসা করেন। এই শর্তগুলো পূরণ না হলে এবারের বিশ্বকাপে ইরানকে নাও দেখা যেতে পারে। প্রথম শর্তে বলা হয়েছে, মেহেদি তারেমি ও এহসান হাজসাফিসহ জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে যারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ছিলেন, তাদের কোনো প্রকার বাধা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভিসা দিতে হবে। দ্বিতীয় শর্তে জিজ্ঞাসাবাদমুক্ত ভ্রমণের ব্যাপারে নিশ্চয়তা চেয়েছে ইরান। শর্তে বলা হয়েছে ভিসা পাওয়ার পর বিমানবন্দর বা ইমিগ্রেশনে কোনো খেলোয়াড় বা স্টাফকে মার্কিন গোয়েন্দা বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ কোনো প্রকার জিজ্ঞাসাবাদ করতে পারবে না। সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তার জন্যও রয়েছে শর্ত। বিশ্বকাপ কাভার করতে যাওয়া ইরানি সাংবাদিক এবং গ্যালারিতে দলকে সমর্থন দিতে যাওয়া দর্শকদের জন্য স্বচ্ছ ও সহজ ভিসা ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। চতুর্থ শর্ত অনুযায়ী, বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, রাস্তা এবং স্টেডিয়ামÑসর্বত্র ইরানি দলের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রোটোকল নিশ্চিত করতে হবে। এছাড়া স্টেডিয়ামে শুধুমাত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারি পতাকা ব্যবহারের অনুমতি দিতে হবে। অন্য কোনো রাজনৈতিক বা ভিন্নধর্মী পতাকা প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে।
প্রতিটি ম্যাচ শুরুর আগে ইরানের জাতীয় সংগীত নির্ভুলভাবে এবং কোনো প্রকার বাধা ছাড়াই প্রচার করতে হবে।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কেবল ইরান ফুটবল সংক্রান্ত ট্যাকনিক্যাল প্রশ্ন করার অনুমতি থাকবে। কোনো রাজনৈতিক বা বিতর্কিত প্রশ্ন করা যাবে না।
গত সপ্তাহে ইরানের ফুটবল প্রতিনিধিদল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার সাধারণ সভায় যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়ে। মাঝ আকাশেই বাতিল করা হয় মেহেদি তাজের ভিসা।

কানাডার ইমিগ্রেশন মন্ত্রী স্পষ্ট জানান, আইআরজিসি-র সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাজের ভিসা বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডা দুই দেশে আইআরজিসি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। ঘটনার পর ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম দুঃখ প্রকাশ করে ইরানি কর্মকর্তাদের আগামী ২০শে মে জুরিখ ভ্রমণে আমন্ত্রণ জানান। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন যে, ইরান টুর্নামেন্টে অংশ নেবে এবং যুক্তরাষ্ট্রের মাটিতেও তাদের ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগেভাগেই জানিয়ে রেখেছেন, ফুটবলারদের খেলা নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত কেউ যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখার অনুমতি পাবেন না।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন