জট কাটলো থালাপতির, রোববার হতে পারে শপথ

জট কাটলো থালাপতির, রোববার হতে পারে শপথ

ফন্ট সাইজ:

অভিনেতা থেকে রাজনীতিক থালাপতি বিজয় তামিলনাড়ুর গভর্নর আরভি আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। রোববারই শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এর ফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের রাজনৈতিক দুশ্চিন্তার অবসান ঘটছে বলে মনে করা হচ্ছে। কারণ বিদুথালাই ছিরাথাইগাল কাচকি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) এখন সরকার গঠনের জন্য তামিলাগা ভেত্রি কাজাগাম’কে (টিভিকে) নিঃশর্ত সমর্থন জানিয়েছে।

এর আগে শুক্রবারও অভিনেতা-রাজনীতিক বিজয় গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানিয়েছিলেন। তখন গভর্নরের দপ্তরের সূত্র জানিয়েছিল, ১১৮ জন বিধায়কের সমর্থন প্রমাণ করতে না পারায় বিজয়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে বুধবার ও বৃহস্পতিবারও বিজয় এবং আরলেকার বৈঠক করেন। দুই ক্ষেত্রেই গভর্নর দাবি নাকচ করে দেন এবং বলেন, টিভিকে নেতা বিধানসভায় প্রয়োজনীয় সমর্থন পাননি।

এদিকে, অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) ভেতরে বড় ধরনের বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে। সূত্রের দাবি, দলের জ্যেষ্ঠ নেতা সিভি শানমুগাম দল ভাঙার পরিকল্পনা করছেন। এআইএডিএমকের ৩০ জনের বেশি বিধায়ক তাকে সমর্থন করছেন এবং তাদের কেউ কেউ টিভিকে’কে সমর্থন দেয়ার পক্ষেও ঝুঁকছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন