বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন কি সত্যিই রাশমিকা মান্দানাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন? সম্প্রতি এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সামাজিক মাধ্যমে। কারণ আসন্ন সিনেমা ‘ককটেল-২’-এ প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন এই দুই জনপ্রিয় অভিনেত্রী।
গত কয়েক বছরে রাশমিকার অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছে। অন্যদিকে, কৃতির কয়েকটি ছবি প্রত্যাশিত ব্যবসা না করলেও অভিনয়ের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন তিনি। সৌন্দর্য ও জনপ্রিয়তার দিক থেকেও দুই অভিনেত্রীর রয়েছে বিশাল সংখ্যক ভক্ত। তাই একই ছবিতে কাজ করতে গিয়ে কৃতির মনে কোনো প্রতিযোগিতা বা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে কি নাÑ এমন প্রশ্ন উঠতেই মুখ খুললেন অভিনেত্রী। কৃতির স্পষ্ট জবাব, নিরাপত্তাহীনতার কোনো প্রশ্নই আসে না। তার ভাষায়, রাশমিকাকে নিয়ে তার মনে কোনো ধরনের নেতিবাচকতা নেই। শুটিংয়ের সময় দু’জনের মধ্যে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছে বলেও জানান তিনি।
কৃতি বলেন, একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা নানা বিষয় নিয়ে মজা করেছি এবং খুব সুন্দর সময় কাটিয়েছি। তার মতে, রাশমিকার মধ্যে কোনো নেতিবাচকতা নেই, আছে শুধু ইতিবাচক মানসিকতা ও আন্তরিকতা। কৃতির কথায়, ও খুবই আন্তরিক ও ভালো মানুষ। আমি ওকে খুব ভালোবাসি। ‘ককটেল-২’ ছবিতে কৃতি ও রাশমিকার পাশাপাশি দেখা যাবে শহিদ কাপুরকেও। ছবিটি পরিচালনা করছেন হোমি আদাজানিয়া। ইতিমধ্যেই সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। এর আগেও রাশমিকার একটি ছবির মুক্তির সময় সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন কৃতি। সেই পোস্ট ঘিরেও ভক্তদের মধ্যে দুই অভিনেত্রীর বন্ধুত্ব নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছিল।
