নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের শাহপাড়া স্কুল সংলগ্ন আলতাফের বাড়ির পাশে উন্নয়ন কাজের আওতায় প্রায় ২৫০ মিটার সিসি ঢালাই সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযোগ করলেও তা আমলে নেয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন- শাহপাড়া স্কুল সংলগ্ন উপজেলা উন্নয়ন তহবিল ইউডিপিএফ প্রকল্পের আওতায় ২৫০ মিটার সড়কটি নির্মাণ বাবদ মোট ১০ লাখ ৩৫ হাজার ৯৩ টাকা ব্যয়ে কাজটি করে শান্তা স্নেহা কোম্পানির ঠিকাদার, আওয়ামী যুবলীগ নেতা মানিক। সড়কটি নির্মাণে এক নম্বর ইট বিছিয়ে তার উপর ৫ ইঞ্চি থিকনেস সিসি ঢালাই করার কথা থাকলেও নিম্নমানের ইট, লোকাল বালু ও নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে।
এছাড়া কোথাও কোথাও ৮ ফুট বা ৯ ফুট এবং ১ থেকে ২ ইঞ্চি থিকনেস সিসি ঢালাই দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ সব বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদপ্তরে জানানো হলে ওই দপ্তরের সহকারী প্রকৌশলী কবির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েও কোনো পদক্ষেপই নেননি। তারা বলেন, যুবলীগ নেতা, ঠিকাদার মানিকের সঙ্গে সহকারী প্রকৌশলী কবির উদ্দিনের বন্ধুত্ব রয়েছে এবং সড়কটি নির্মাণ কাজের পার্সেন্টেজ চুক্তি থাকায় স্থানীয়দের অভিযোগের কোনো মূল্যায়নই করেননি।
তারা আরও বলেন, শুধু এই সড়কই নয়, ২০২৪, ২০২৫ ও ২০২৬ অর্থবছরে উপজেলার ইউনিয়নগুলোর স্কুল সংস্কার, স্কুল নির্মাণসহ যতগুলো সড়ক ইট বিছিয়ে সিসি ঢালাই করা হয়েছে এবং হচ্ছে তার বেশির ভাগই দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে হয়েছে এবং হচ্ছে। এ বিষয়ে ঠিকাদার মানিক বলেন, উপ-সহকারী প্রকৌশলী কবির উদ্দিন যেভাবে বলেছেন সেভাবেই কাজ করা হয়েছে। জানতে চাইলে উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) কবির উদ্দিন এই কাজের সঠিক কোনো তথ্য না দিয়ে বলেন, আপনারা ঠিকাদারের সঙ্গে কথা বলতে পারেন।
এ বিষয়ে কোনো কথা বলবেন না জানান- তিনি। উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু বলেন-প্রতিটি ঠিকাদারি কাজের তদন্ত করেই বিল দেয়া হবে। কোনো কাজের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সেটির পুনরায় কাজ বুঝে নেয়ার পরই বিল দেয়া হবে বলে জানান তিনি।
