গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগে আকস্মিক জ্ঞান হারিয়ে এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। এমন উদ্বেগজনক খবরটি নিশ্চিত করেছেন ‘ডানা ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
শনিবার (৯ মে) দুপুরে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডানা জানান, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-তে আক্রান্ত হয়েছেন। এই সংক্রমণ থেকে তার লিভার ফেইলর হয়েছে। ডানা লিখেছেন, ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওর অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ডানা আরও উল্লেখ করেন, কারিনার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার পরিবার বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডানা লিখেছেন, আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না! আমি সবার কাছে অনুরোধ করছি, দয়া করে ওকে আপনাদের দোয়ায় রাখবেন।
এদিকে কারিনার বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানান, কারিনার অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তিনি বলেন, অবস্থা খুব একটা ভালো নয়। ওর আগে একটু ফ্যাটি লিভার ছিল, কিন্তু অবহেলা করেছে, ওষুধ ঠিকমতো খায়নি। তো হঠাৎ ইনফেকশন হয়েছে, এর মধ্যে আবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত হয়েছে। আইসিইউতে ছিল, গতকাল লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছে।
