আগামী মাসে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে ফিফা বিশ্বকাপের জমকালো আসর। এবারের বিশ্বকাপ কেবল মাঠের লড়াইয়েই সীমাবদ্ধ থাকছে না, বরং এটি হতে যাচ্ছে ফুটবল ও গ্ল্যামারের এক অভূতপূর্ব সংমিশ্রণ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার প্রথা ভেঙে তিন আয়োজক দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। সেখানে পারফর্ম করবেন কেটি পেরি ও মাইকেল বুবলের মতো বিশ্বখ্যাত তারকারা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর বা ‘সেমিকুইনসেন্টেনিয়াল’ উদযাপনকে কেন্দ্র করে আয়োজনে থাকছে বিশেষ মাত্রা।
মেক্সিকোর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে ১১ই জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। ফিফার পরিকল্পনা অনুযায়ী, ম্যাচের আগে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন গ্র্যামিজয়ী মেক্সিকান ব্যান্ড মানা, পপ তারকা আলেজান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা। মেক্সিকো সিটির কনসার্টে দেশটির সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরা হবে। পরদিন ১২ই জুন কানাডার টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের আগে গাইবেন তারকা সঙ্গীতশিল্পী মাইকেল বুবলে, অ্যালেসিয়া ক্যারা, অ্যালানিস মরিসেট ও উইলিয়াম প্রিন্স। একই দিন লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে মূল আকর্ষণ হিসেবে থাকছেন পপ ডিভা কেটি পেরি। এই অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠান দুটির সময়সীমা ১৩ মিনিট করে। কিক অফের ৯০ মিনিট আগে পর্দা উঠবে মূল অনুষ্ঠানের।
এবারের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ হলো ৪ঠা জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন। হিউস্টন ও ফিলাডেলফিয়ার ম্যাচগুলোতে দেশটির স্বাধীনতার আড়াইশ’ বছর পূর্তি উপলক্ষে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
হোয়াইট হাউস টাস্কফোর্স ২৫০-এর পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি দ্য অ্যাথলেটিককে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, গত ২৫০ বছরে আমেরিকা বিশ্ব সভ্যতার জন্য যা করেছে, তা উদযাপনের এটিই সেরা সময়। আমাদের ইতিহাসের কোনো খুঁত নিয়ে ক্ষমা চাওয়ার দিন শেষ।’ ইতিমধ্যেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ দেখা গেছে। এমনকি গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফার প্রথম ‘পিস প্রাইজ’ বা শান্তি পুরস্কারে ভূষিত করেন ইনফান্তিনো।
দর্শকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করে ফিফা জানিয়েছে, কিক-অফের অন্তত ৯০ মিনিট আগে তাদের আসন গ্রহণ করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানগুলো শেষ হওয়ার পর খেলোয়াড়রা মাঠ ব্যবহারের সুযোগ পাবেন। মূল ম্যাচের ঠিক ২৫ মিনিট আগে ১৩ মিনিটের প্রটোকল অনুষ্ঠান সম্পন্ন করা হবে।
১৯শে জুলাই মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল এবং হাফ-টাইম শো নিয়ে এখনও রহস্য বজায় রাখছে ফিফা। সেই বিশাল কনসার্টের পারফর্মারদের নাম এখনও গোপন রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেও থাকবে বড় কোনো চমক।
