চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে প্রেসিডেন্ট

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে প্রেসিডেন্ট

ফন্ট সাইজ:

চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। শনিবার সকাল পৌনে ৮টায় প্রেসিডেন্টকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাকে বিদায় জানান।

আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় তার বিদেশযাত্রা দু’দফা আটকে যায় বলে সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছিলেন তিনি।
সূত্রমতে, চিকিৎসকদের পরামর্শে পূর্বের অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে যুক্তরাজ্যের ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ মে লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন তিনি। ১৮ মে সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের ফলোআপ হিসেবে ক্যামব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময় ২০২৪ সালের ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতে যান প্রেসিডেন্ট। পরে সেখান থেকে লন্ডনে যান। ১০ দিনের সেই সফর শেষে ১৪ মার্চ দেশে ফেরেন তিনি। এরপর দীর্ঘ দুই বছর এক মাস ২৫ দিন আর বিদেশ যাওয়া হয়নি তার।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ অক্টোবর বিশিষ্ট কার্ডিয়াক সার্জন ডা. কফিদিস থিওডোরোস-এর তত্ত্বাবধানে প্রেসিডেন্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।