১৫ই মে’র মধ্যে কোচের সঙ্গে চুক্তি করতে চায় বাফুফে

১৫ই মে’র মধ্যে কোচের সঙ্গে চুক্তি করতে চায় বাফুফে

ফন্ট সাইজ:

হামজা চৌধুরীদের কোচের দৌড়ে শত শত আবেদন। ক্ষণে ক্ষণে সভা, অবশেষে ১০ জনের মধ্য থেকে তিনদিনের মধ্যে কোচ নির্ধারণের ঘোষণা। কিন্তু তিনদিন চলে গেলেও কোনো সুখবর নেই ন্যাশনাল টিমস কমিটির সভা থেকে। অবশেষে এই ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। গতকাল মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে তিনি জানান, আগামী ১৫ই মে’র মধ্যে নতুন কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায় ফেডারেশন। বাফুফের সংক্ষিপ্ত কোচদের তালিকায় উঁচুমানের কোচ রয়েছে বলে জানা গেছে। ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান থেকে শুরু করে ব্রাজিল-আর্জেন্টিনা কিংবা জার্মানিরও। আগে এসব কোচদের কেউ কেউ এক লাখ ডলার অথবা এর নিচে বেতনে কাজ করে আসছেন।

তবে বাংলাদেশের ক্ষেত্রে তাদের সবাই বেতন কমিয়েছে। একেকজন সর্বোচ্চ ৪০ হাজার ও সর্বনিম্ন ১৫ হাজার ডলারে গিয়ে ঠেকেছে। তাবিথ আউয়াল জানান, কোচ নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘জাতীয় দল কমিটি বর্তমানে সাক্ষাৎকার গ্রহণ করছে। পাঁচজন কোচের সাক্ষাৎকার ইতিমধ্যে নেয়া হয়েছে। আশা করছি, আগামী রোববারের মধ্যে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারবো এবং ১৫ই মে’র মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হবে।’ বাংলাদেশ ফুটবল দলের কোচ হওয়ার জন্য ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজারিও মিকেল আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু সামাজিক মাধ্যমে খবর, বাফুফের সিদ্ধান্ত বিলম্ব হওয়ায় মিকেল নাকি অনাগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে তাবিথ আউয়াল বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই শোনা যেতে পারে। আমি অনুরোধ করবো ফেডারেশনের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করতে।

আমরা যাদের সাক্ষাৎকার নিয়েছি, তারা সবাই অত্যন্ত আগ্রহী এবং রোববারে আমাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।’ হাই-প্রোফাইল কোচ নিয়োগের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাফুফের আর্থিক সীমাবদ্ধতা। তবে তাবিথ আউয়াল বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তিনি বলেন, ‘বাজেট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটিই শেষ কথা নয়। যোগ্য কোচের জন্য যদি বাজেটের বাইরে যেতে হয়, তবে আমরা স্পন্সর, সরকার এমনকি সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগ করবো।
যেভাবেই হোক, আমরা আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা করবো।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন