লাখ টাকা করে বোনাস পাচ্ছেন হকি ও কাবাডির মেয়েরা

ফন্ট সাইজ:

চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমসে ১৪ বছর পর পদক জিতেছে বাংলাদেশ কাবাডির মেয়েরা। অন্যদিকে, প্রথমবার এশিয়ান গেমস বাছাই পর্বে অংশ নিয়েই বাজিমাত করেছেন হকির মেয়েরা। বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়েই আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছেন অর্পিতা পালরা। লাল-সবুজের মেয়েদের এই দুই সাফল্যে আনন্দিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকও। তাই আগামী ২৩শে মে রাজধানীর ফ্যালকন হলে ক্রীড়াঙ্গনের দুই গুরুত্বপূর্ণ সাফল্য উদ্‌যাপনের বিশেষ আয়োজন করা হয়েছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ অনুষ্ঠানে এশিয়ান বিচ গেমসে অংশ নেয়া জাতীয় কাবাডি দলের আট সদস্য এবং এশিয়ান গেমসের বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেয়া বাংলাদেশ নারী হকি দলের ২১ সদস্যকে বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার দেবেন। অনুষ্ঠানে কাবাডি দলের আটজন সদস্যকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে বোনাস দেয়া হবে। একইভাবে এশিয়ান গেমসের মূল পর্বে কোয়ালিফাই করে দেশের জন্য নতুন ইতিহাস গড়া নারী হকি দলের প্রত্যেক খেলোয়াড়ও পাবেন এক লাখ টাকা করে সম্মাননা বোনাস। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই সম্মাননা অনুষ্ঠান খেলোয়াড়দের মনোবল আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।

দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক সাফল্যকে স্বীকৃতি দিতে সরকারের এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আপনারা জানেন এরইমধ্যে আমরা, আমাদের সরকার ৩০০ ক্রীড়াবিদকে বেতনের আওতায় এনেছি। এর বাইরেও আন্তর্জাতিক অঙ্গনে যারা সফলতা পাচ্ছেন তাদের উৎসাহ জোগাতে বোনাস দিচ্ছি। নারী হকি দল প্রথম বারের মতো কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্দান্ত সাফল্য দেখিয়েছে। কাবাডি দলও ১৪ বছর পর পদক পুনরুদ্ধার করছে। এ কারণেই দল দু’টিকে একসঙ্গে উৎসাহ দিতে কিছু অর্থ পুরস্কারের ব্যবস্থা করেছি।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন