যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। উভয় দেশই এই হামলার তথ্য নিশ্চিত করেছে। এতে গত ৮ই এপ্রিল থেকে শুরু হওয়া দেশ দুইটির মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভঙ্গুর পরিস্থিতির মধ্যে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার গভীর রাতে প্রথম বিস্ফোরণের খবর প্রকাশ করে। ইরানি বাহিনী ও তাদের প্রতিবেদনে বলা হয়, শত্রুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে।
অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম জানায়, একটি ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। দেশটি দাবি করে, প্রণালিতে অবস্থানরত শত্রুপক্ষের ইউনিটগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনও হামলার তথ্য নিশ্চিত করে। এনিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ উস্কানিবিহীন ইরানি হামলার মুখে পড়ে।
সেন্টকমের দাবি, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাকস্টন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। তবে হামলায় কোনো মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানায় সেন্টকম।
এ ছাড়া সেন্টকমের বিবৃতিতে বলা হয়, মার্কিন বাহিনী হামলাগুলো প্রতিহত করার পাশাপাশি আত্মরক্ষামূলক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, কমান্ড সেন্টার ও নজরদারি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।
পরবর্তী সময়ে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী একই অভিযোগ তোলে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জাস্ক বন্দরের কাছে একটি ইরানি ট্যাংকারের ওপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
এর জবাবে ইরানি নৌবাহিনী তীব্র বিস্ফোরক ওয়ারহেড ব্যবহার করে হামলা চালিয়েছে এবং শত্রুপক্ষের তিনটি অনুপ্রবেশকারী জাহাজ দ্রুত হরমুজ প্রণালি এলাকা ত্যাগ করেছে।
এ ছাড়া ইরানের বিভিন্ন গণমাধ্যম দেশটির বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও তেহরানে বিস্ফোরণের খবর প্রকাশ করে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স ও তাসনিম জানায়, দেশ জুড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু বলা হয়নি।
এসব হামলা ঘিরে উভয়পক্ষই একে অপরকে দায়ী করছে। তবে পাল্টাপাল্টি হামলার পরেও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন যে, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে।
এবিসি নিউজকে তিনি বলেছেন, যুদ্ধবিরতি চলছে। এটি কার্যকর আছে। তিনি সর্বশেষ এই সংঘর্ষের ঘটনাকে কেবল হালকা ধাক্কা বলে বর্ণনা করেছেন।
ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বৃহস্পতিবার ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপটি অপারেশন এপিক ফিউরি থেকে পৃথক ও স্বতন্ত্র।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া বার্তায় বলেন, যুদ্ধ বন্ধে কূটনীতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক এই আগ্রাসন বেপরোয়া। তিনি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র বারবার কূটনীতিক প্রচেষ্টাকে ব্যাহত করছে।
এ ছাড়া আরাগচি বলেন, ইরানিরা কোনো চাপের কাছেই মাথা নত করবে না।
অন্যদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে ফের প্রজেক্ট ফ্রিডম শুরুর কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। সৌদি আরব ও কুয়েত যুক্তরাষ্ট্রকে তাদের আকাশসীমা ও ঘাঁটি ব্যবহার করতে দিবে- এমন সিদ্ধান্তের পরেই হরমুজে শিগগিরই প্রজেক্ট ফ্রিডম শুরুর কথা জানায় পেন্টাগন।
