দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। দুবাই হয়ে বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ পাঠানোর পুরো প্রক্রিয়ায় মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল থোইং এ উপস্থিত থেকে তদারকি করেন। বৃষ্টির মরদেহ তার গ্রামের বাড়ি মাদারিপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর এলাকায় দাফন করার কথা রয়েছে।

গত ১৬ই এপ্রিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা লিমন নিখোঁজ হন। গত ১লা মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করার পরপরই ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে। নিহতের পরিবার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, টাম্পার প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং সংশ্লিষ্ট পুলিশ বিভাগের সমন্বয়ে স্থানীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

এর আগে, গত ৬ই মে বুধবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন