রোনালদোর সেঞ্চুরি, শিরোপার সুবাস আল-নাসরের

রোনালদোর সেঞ্চুরি, শিরোপার সুবাস আল-নাসরের

ফন্ট সাইজ:

মরুর বুকে ছুটেই চলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার আল-শাবাবের বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয়ের দিন সৌদি প্রো লীগে গোলের ‘সেঞ্চুরি’ পূর্ণ করেছেন পর্তুগিজ মহাতারকা। রোনালদোর মাইলফলক স্পর্শের রাতে দারুণ এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন আরেক পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স। এ জয়ে লীগ শিরোপার একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে আল-নাসর। স্রেফ এক জয় দূরে রিয়াদভিত্তিক ক্লাবটি। আগামী মঙ্গলবার আল-হিলালের বিপক্ষে জয় তুলে নিলেই সৌদি আরবে প্রথম বড় কোনো শিরোপা নিশ্চিত হবে রোনালদোর। কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের ৭৫তম মিনিটে সাদিও মানের পাস থেকে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ৪১ বছর বয়সী রোনালদো। এটি ছিল সৌদি প্রো লীগে তার শততম গোল।

এ মাইলফলক স্পর্শ করতে তিনি নিলেন মাত্র ১০৫ ম্যাচ। সেইসঙ্গে, এই গোলের মাধ্যমে রিয়াল মাদ্রিদ কিংবদন্তির ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়ালো ৯৭১-এ। তিন অঙ্কের গোলের ম্যাজিক ফিগার থেকে রোনালদো এখন স্রেফ ২৯ গোল দূরে। চলতি মৌসুমে এটি তার ২৬তম গোল। ম্যাচ শেষে আল-নাসর কোচ জর্জ জেসুস বলেন, ‘রোনালদো আক্রমণে সব সময়ই ভয়ঙ্কর। আমরা আজও সেটিই দেখেছি।’ আল-নাসরের হয়ে অন্য তিনটি গোল করেন চেলসি থেকে আসা জোয়াও ফেলিক্স, যার শেষটি আসে পেনাল্টি থেকে।

আল-শাবাবের হয়ে গোল দু’টি করেন ইয়ান্নিক কারাসকো ও হাবিব দায়ালো। চার বছরের শিরোপা খরা কাটাতে এখন রোনালদোদের প্রয়োজন কেবল একটি জয়। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল-নাসর। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল-হিলাল। আগামী মঙ্গলবার রিয়াদ ডার্বিতে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ওই ম্যাচে জয় পেলেই দুই ম্যাচ হাতে রেখে লীগ শিরোপা নিশ্চিত করবে আল-নাসর। ড্র অথবা হার অবশ্য হিসাব কিছুটা জটিল করে তুলতে পারে।

গুরুত্বপূর্ণ ম্যাচটি নিয়ে আল-নাসর বলেন, ‘এটি খুব কঠিন একটি লড়াই হবে। ম্যাচটির গুরুত্ব সম্পর্কে আমরা পুরোপুরি সচেতন। তাই সর্বোচ্চ মনোযোগ দিয়েই প্রস্তুতি নিচ্ছি। কারণ আমরা জানি, খুব ছোট ছোট বিষয়ও ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।’ লীগ শিরোপার পাশাপাশি আগামী ১৬ই মে এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে গামবা ওসাকার মুখোমুখি হবে আল-নাসর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন