হরমুজ প্রণালির কাছে ইরানের সশস্ত্র বাহিনী ও মার্কিন জাহাজের মধ্যে ফের ‘সংঘর্ষ’ হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে।
তবে এসব হামলা নিয়ে নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করেনি। এ ছাড়া সর্বশেষ এই সংঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাতভর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলার হয়েছে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের জাহাজের অন্তত একজন নাবিক নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছে আরও ১০ জন নাবিক। পাশাপাশি এখনো ইরানের চারজন নাবিক নিখোঁজ রয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, যুদ্ধজাহাজ ইউএসএস ট্রাকস্টন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস ম্যাসনের ওপর ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান দিয়ে হামলা চালায়। তবে কোনো মার্কিন সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি।
