প্রহসনের অভিযোগ এনসিপি সমর্থিত আইনজীবীদের

মধ্যরাতে ঢাকা বারের কিউবিকাল বরাদ্দ

প্রহসনের অভিযোগ এনসিপি সমর্থিত আইনজীবীদের

ফন্ট সাইজ:

ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স-৩ এবং অ্যানেক্স-৪ ভবনের কিউবিকাল (রুম) বরাদ্দকে কেন্দ্র করে প্রহসন মঞ্চস্থ হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আইনজীবী সংগঠন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। সংগঠনটি এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট সাকিল আহমাদ স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, সাধারণ আইনজীবীদের অধিকার হরণ করে একপেশে ও অস্বচ্ছ প্রক্রিয়ায় এই বরাদ্দ সম্পন্ন করা হয়েছে।

প্রতিবাদলিপিতে অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, ঢাকা আইনজীবী সমিতির অ্যানেক্স-৩ ও অ্যানেক্স-৪ ভবনের কিউবিকাল রুম বরাদ্দকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতে যে প্রহসন মঞ্চস্থ হয়েছে, তা আইনজীবী সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, রুম বরাদ্দে জ্যেষ্ঠতার নীতি উপেক্ষা করা হয়েছে। পেশাগত অভিজ্ঞতার তোয়াক্কা না করে অপেক্ষাকৃত সিনিয়র আইনজীবীদের বাদ দিয়ে পছন্দের জুনিয়রদের সুবিধাজনক স্থানে রুম দেয়া হয়েছে।
সাকিল আহমাদের দাবি, যারা নিয়মিত আদালত প্রাঙ্গণে মামলা পরিচালনা করছেন, সেই প্রকৃত আইনজীবীদের বঞ্চিত করে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে রুম বণ্টন করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের (বিএনপি পন্থী) না হওয়ায় যোগ্য আইনজীবীদের বঞ্চিত করা হয়েছে। আওয়ামী পন্থী বা ভিন্ন মতাবলম্বী আইনজীবীদের পরিকল্পিতভাবে রুম বরাদ্দ থেকে দূরে রাখা হয়েছে অথবা নিম্নমানের স্থান দেওয়া হয়েছে। তার ভাষ্য, কোন নীতিমালা বা যোগ্যতায় এবং কার নির্দেশে এমন বৈষম্যমূলক বরাদ্দ দেওয়া হয়েছে, তার কোনো সদুত্তর বর্তমান কমিটির কাছে নেই। মধ্যরাতের অন্ধকারে চুপিচুপি এই কাজ সম্পন্ন করা থেকেই প্রমাণিত হয় যে এতে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতি হয়েছে।

তিনি বলেন, ঢাকা আইনজীবী সমিতি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়; এটি হাজার হাজার আইনজীবীর আবেগ ও অধিকারের জায়গা। এই কমিটি আওয়ামী লীগের মতো মধ্যরাতে রুম বরাদ্দ দিয়ে সাধারণ আইনজীবীদের আস্থার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে।

এ ঘটনায় চার দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্স। দাবিগুলো হলো- অবিলম্বে বিতর্কিত বরাদ্দ বাতিল, জ্যেষ্ঠতা ও নিয়মিত প্র্যাকটিসের ভিত্তিতে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সমান অধিকার নিশ্চিত এবং নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা।

সংগঠনটি জানিয়েছে, সাধারণ আইনজীবীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ও আদালত প্রাঙ্গণে সোচ্চার থাকবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন