অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

ফন্ট সাইজ:

টানা চারদিন ধরে নানা জটলার পর অবশেষে তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য ‘ম্যাজিক ফিগার’ পাচ্ছেন সুপারস্টার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। তার দল টিভিকে-এর একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পেলেই বিজয় অনায়াসে সরকার গঠন করতে পারবেন। আর এর মাধ্যমে প্রথমবারের মতো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয়

সূত্রের বরাতে এনডিটিভি অনলাইন জানিয়েছে, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজয়ের আর যে কয়টি আসনের প্রয়োজন ছিল তা তিনি পেতে যাচ্ছেন। এনিয়ে তিনি শুক্রবার রাতে রাজ্যের গভর্নর আরভি আরলেকারের সঙ্গে দেখা করবেন।

এবারের বিধানসভা নির্বাচনে বিজয়ের টিভিকে দল তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পায়। তবে রাজ্যটিতে সরকার গঠন করতে দরকার ১১৮টি আসন। তাই একক দল হিসেবে সর্বোচ্চ আসন পেলেও সরকার গঠন নিয়ে বিপাকে পড়েন বিজয়।

গভর্নর আরভি আরলেকার প্রথমদিকে জানান, সংখ্যাগরিষ্ঠ আসন নিশ্চত না হলে তিনি টিভিকে’র নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন না। এনিয়ে গত বুধবার ও বৃহস্পতিবার আরলেকারের সঙ্গে বৈঠক করলেও কোনভাবেই রাজি হননি তিনি। আরলেকার সাফ জানিয়ে দেন, ১১৩ জন এমএলএ দিয়ে তিনি সরকার গঠন করতে পারবেন না যেখানে সরকার গঠনে দরকার ১১৮ আসন।

সর্বশেষ, বিজয় কংগ্রেস, ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই-এর সমর্থন আদায়ে সফল হয়েছেন। আর এতেই তার দলের সরকার গঠনের বাধা কেটে গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন