ফুটবল আর শাকিরা—এ যেন এক অবিচ্ছেদ্য জুটি। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র সেই বিশ্বমাতানো উন্মাদনার পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী। ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে যখন বাকি মাত্র ৩৩ দিন, ঠিক তখনই নতুন গানের টিজার নিয়ে হাজির হলেন শাকিরা।
এবারের বিশ্বকাপের অফিশিয়াল গানটির নাম ‘দাই দাই’ (Dai Dai)। ইতালিয়ান ভাষায় এর অর্থ হলো ‘চলো এগিয়ে যাই’। গানটিতে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিট তারকা বার্না বয়। আগামী ১৪ই মে পূর্ণাঙ্গ গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা এই গানের টিজারে শাকিরাকে এক অনন্য আবহে দেখা গেছে। ভিডিওতে এবারের আসরের অফিশিয়াল বল ‘ত্রিওন্দা’র পাশাপাশি ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের ম্যাচ বলগুলোও দেখা যায়। টিজারটি ফিফার অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছে।
২০০৬ সালে ‘হিপস ডোন্ট লাই’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’ দিয়ে ফুটবল বিশ্ব মাতিয়েছিলেন শাকিরা। তবে ২০১০-এর ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বকাপের ইতিহাসের সেরা থিম সং হিসেবে গণ্য হয়। গত দুটি আসরে তার কোনো নতুন গান না থাকায় ভক্তদের মাঝে যে আক্ষেপ ছিল, ‘দাই দাই’ দিয়ে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
আগামী ১১ই জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ৪৮ দলের এই মেগা আসর। আরও একবার শাকিরার গানে ফুটবল জ্বরে কাঁপবে বিশ্ব।
