ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৩ পর্বতারোহীর মৃত্যু

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ৩ পর্বতারোহীর মৃত্যু

ফন্ট সাইজ:

ইন্দোনেশিয়ায় একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে শুক্রবার (৮ মে) সকালে অন্তত তিন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ ২০ জনকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে মাউন্ট দুকোনো থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর সেখানে বিকট শব্দের পাশাপাশি আগ্নেয়গিরির শৃঙ্গ থেকে প্রায় ৬ মাইলউচ্চতা পর্যন্ত ঘন ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার ভলক্যানোলজিক্যাল সার্ভে এসব তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া স্থানীয় পুলিশ প্রধান এরলিকসন পাসারিবু কম্পাস টিভিকে বলেছেন, অগ্ন্যুৎপাতের সময় পাহাড়টিতে ২০ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

পাশাপাশি অগ্ন্যুৎপাতের কারণে অন্তত পাঁচজন আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

এরলিকসন দাবি করেন, আগ্নেয়গিরিটি সক্রিয় থাকায় আগে থেকেই সতর্কতা জারি করে পাহাড় আরোহণে নিষেধাজ্ঞা দিয়েছিল। তবে নিহত আরোহীরা সেই নিষেধাজ্ঞা অমান্য করেই সেখানে যান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন