জুলাইয়ের লড়াইয়ে পরিবর্তন এসেছে, অস্থিতিশীলতা-ষড়যন্ত্র রুখবে জনগণ: মির্জা ফখরুল

জুলাইয়ের লড়াইয়ে পরিবর্তন এসেছে, অস্থিতিশীলতা-ষড়যন্ত্র রুখবে জনগণ: মির্জা ফখরুল

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করলো, আমরা একে বলি জুলাই যুদ্ধ। অনেক বড় করে দেখি পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, পার্লামেন্ট তৈরি হয়েছে। সেই সঙ্গে অনেক আশা প্রত্যাশা আমাদের তৈরি হয়েছে। ফ্যাসিস্ট যারা ছিল তারা দেশটাকে ধ্বংস করে চলে গেছে। অর্থনৈতিক লুটপাট করে নিয়ে গেছে, বিদেশে টাকা পাচার করেছে। ব্যাংকগুলো লুট করে নিয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে, প্রশাসনিক কাঠামো পর্যন্ত ভেঙে দিয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রায়ের পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। আজকে অনেকে চেষ্টা করছে এই পরিবর্তনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার। দেশে কিছু ছোটোখাটো ইস্যু নিয়ে বা অন্য কোন ইস্যু নিয়ে দেশে গোলযোগ সৃষ্টি করতে আমরা কেউই চাই না।

তিনি বলেন, দেখে আসলাম কৃষকেরা মাঠে ধান কাটছেন। ধানে ন্যায্য মূল্য চান। ন্যায্য মূল্যে ধানের বীজ, স্যার চান। আমরা চেষ্টা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান চেষ্টা করছেন এই জিনিসগুলোকে ঠিক করার।
হতাশার কথা ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, একটি হতাশাবাদী গোষ্ঠী আছে। তারা সারাক্ষণ হতাশ হয়ে যায় এবং বিভিন্নভাবে এই সমাজকে আবার অস্থির করে রাখতে চায়। আমি কোনো নির্দিষ্ট দল ব্যক্তির কথা বলতে চাই না, শুধু বলতে চাই আমাদের যে মূল জায়গাটা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের যে সক্রিয়তা। আমাদের যে স্বতন্ত্র পরিচয়, আমরা বাংলাদেশি এই কথাটা আমাদের সবার আগে মনে রাখতে হবে। আমরা এমনি এমনি স্বাধীনতা পাইনি, যুদ্ধ করেছি নয় মাস। এই যুদ্ধ করে আমরা স্বাধীনতা নিয়ে এসেছি।