রাজধানীর কোতোয়ালী থানার এক মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরের ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) কে এম অবিদুল হক এ আবেদন দাখিল করেন।
আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের দমনে অর্থ জোগানের অভিযোগে আফজাল নাছেরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এর আগে আদালতের অনুমতিতে তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে পুনরায় ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, আন্দোলন দমনে অর্থের উৎস, তা কোথায় ও কীভাবে ব্যয় করা হয়েছে এবং মামলার মূল রহস্য উদঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রিমান্ড আবেদনের কারণ হিসেবে পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার, সঠিক নাম-ঠিকানা সংগ্রহ এবং মামলার প্রকৃত ঘটনা উদঘাটনে আফজাল নাছেরকে পুনরায় নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এদিকে আদালত সূত্র জানায়, রিমান্ড আবেদন বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন বিচারক।
