মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ স্বীকার করেছেন যে, মালয় জাতিকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টা তিনি নিয়েছিলেন, তাতে তিনি সফল হননি। দুই বছরের বেশি সময় ধরে চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেননি বলে হতাশা ব্যক্ত করেছেন এই প্রবীণ রাজনীতিক।
মালয়েশিয়ার শীর্ষ দৈনিক 'দ্য স্টার' ফ্রি মালয়েশিয়া টুডে এবং সিনার ডেইলিসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, গত বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহাথির এই স্বীকারোক্তি দেন। তিনি লেখেন, 'মালয় জাতিকে একত্রিত করতে আমি দুই বছরেরও বেশি সময় চেষ্টা করেছি। আমাকে স্বীকার করতেই হবে যে, আমি ব্যর্থ হয়েছি।'
মাহাথির আশঙ্কা প্রকাশ করেন যে, এই ব্যর্থতার পরিণামে দেশটি 'মালয়দের হাত থেকে বেরিয়ে যাবে।' তিনি আরও বলেন, মালয়রা জাতি, দেশ ও ধর্মের চেয়ে নেতাদের ভাগ্যকে বেশি প্রাধান্য দিচ্ছে — এটিই তার সবচেয়ে বড় উদ্বেগ।
উল্লেখ্য, অবসর গ্রহণের পর থেকে মাহাথির মালয় রাজনৈতিক শক্তির একীভূতকরণের পক্ষে সোচ্চার ছিলেন। শতবর্ষ পার হওয়া এই রাজনীতিকের এই হতাশাব্যঞ্জক মন্তব্য মালয়েশিয়ার রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।
