আবার পাল্টাপাল্টি, ট্রাম্পের ‘লাভ ট্যাপ’, ইরান ‘ক্ষুব্ধ সিংহ’

আবার পাল্টাপাল্টি, ট্রাম্পের ‘লাভ ট্যাপ’, ইরান ‘ক্ষুব্ধ সিংহ’

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। ফলে এক মাস ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতিকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। ইরান অভিযোগ করেছে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালিতে দুটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক এলাকাতেও আক্রমণ করেছে। অন্যদিকে ওয়াশিংটন দাবি করেছে, তারা পাল্টা জবাব হিসেবে গুলি চালিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তিনটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে হামলা চালানো ইরানি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান দ্রুত কোনো চুক্তিতে সই না করলে ভবিষ্যতে আরও অনেক বেশি কঠোর ও সহিংস জবাব দেয়া হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, বিশ্বমানের তিনটি মার্কিন ডেস্ট্রয়ার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যদিও তারা হামলার মুখে ছিল। ডেস্ট্রয়ারগুলোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু ইরানি হামলাকারীদের ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে, সঙ্গে বহু ছোট নৌকাও ধ্বংস হয়েছে, যেগুলো তাদের কার্যত নেতৃত্বহীন নৌবাহিনীর বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

অন্যদিকে ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র জাস্ক উপকূলীয় এলাকা থেকে হরমুজের দিকে যাওয়া একটি ইরানি তেলবাহী জাহাজ এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে প্রণালিতে প্রবেশ করা আরেকটি জাহাজকে টার্গেট করেছে। ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলেন, একই সময়ে কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় তারা বান্দার খামির, সিরিক এবং কেশম দ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকাগুলোতে বিমান হামলা চালিয়েছে।

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পরোক্ষ হুমকি দেন। তিনি ইরানকে এক ক্ষুব্ধ সিংহের সঙ্গে তুলনা করেন। এক্সে দেয়া পোস্টে তিনি লিখেছেন, যদি সিংহের দাঁত বেরিয়ে থাকতে দেখো, তাহলে ভেবো না যে সিংহ হাসছে। তিনি আরও দাবি করেন, ইরানও একটি সুপারপাওয়ার।

এক সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র যখন সুপারপাওয়ার, তখন ইরান কেন পিছু হটছে না? জবাবে বাঘাই বলেন, ইরানও একটি সুপারপাওয়ার। তিনি উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি নিরাপত্তা নয়, বরং দায় হয়ে দাঁড়িয়েছে- এটি উপলব্ধি করতে হবে। বাঘাই বলেন, অঞ্চলটির দেশগুলোর উচিত পারস্পরিক আস্থা গড়ে তোলা এবং এমন একটি ব্যবস্থা তৈরি করা, যা সব দেশের প্রয়োজন মেটাবে ও তাদের সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করবে।

নতুন সংঘর্ষের ঘটনায় ভঙ্গুর যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নতুন লঙ্ঘনের পরও যুদ্ধবিরতি বহাল আছে। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি ঘটনাটিকে ‘লাভ ট্যাপ’ বলে উল্লেখ করেন।

এবিসি নিউজের সাংবাদিক র‌্যাচেল স্কট যখন হামলার বিষয়ে প্রশ্ন করেন, ট্রাম্প বলেন, এটা শুধু একটা লাভ ট্যাপ। যুদ্ধবিরতি চলছে। এটা কার্যকর আছে। পরে ট্রাম্প আবারও ইরানকে দ্রুত চুক্তিতে সই করার আহ্বান জানান এবং হুঁশিয়ারি দেন, তা না হলে আবার হামলা চালানো হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তাদের আর কখনও সেই সুযোগ দেয়া হবে না। আর যেভাবে আমরা তাদের আঘাত করেছি, ভবিষ্যতে তার চেয়েও অনেক বেশি কঠোর ও সহিংসভাবে আঘাত করা হবে, যদি তারা দ্রুত চুক্তিতে সই না করে।

তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন কখনও তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না। ট্রাম্প দাবি করেন, ইরান এ বিষয়ে সম্মত হয়েছে এবং বলেন, দেখা যাক তারা সই করতে রাজি কি না। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, আলোচনা খুব ভালো চলছে। কিন্তু তাদের বুঝতে হবে, চুক্তি না হলে তারা ভয়াবহ কষ্টের মুখে পড়বে। তিনি আরও বলেন, আমার চেয়ে তারা এই চুক্তি বেশি চায়।

অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখবে। এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালানোর আগে পর্যন্ত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন