জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী প্রস্তাবে ভেটো দিবে চীন-রাশিয়া

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী প্রস্তাবে ভেটো দিবে চীন-রাশিয়া

ফন্ট সাইজ:

জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের উত্থাপিত নতুন প্রস্তাবনায় চীন ও রাশিয়া ভেটো দিতে পারে। প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালিতে হামলা ও মাইন পেতে রাখার কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জাতিসংঘে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপসাগরীয় কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে দাঁড়িয়ে তিনি বলেন, যে দেশগুলো এই প্রস্তাব বাতিল করার চেষ্টা করবে, তারা অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি রাশিয়া ও চীনের দিকে ইঙ্গিত করে বলেন, আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে যদি কোনো দেশ এমন একটি সাধারণ প্রস্তাবের বিরোধিতা করে, তাহলে তারা কি সত্যিই শান্তি চায়? এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্র ও বাহরাইন যৌথভাবে তৈরি করেছে। এতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও কাতারের সমর্থন রয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি প্রস্তাবটিকে ত্রুটিপূর্ণ, একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীন নৌ চলাচল বা সামুদ্রিক নিরাপত্তার রক্ষক হিসেবে নিজেদের উপস্থাপন করার কোনো আইনগত, রাজনৈতিক বা নৈতিক অধিকার নেই। তিনি ইরানি জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধের কথাও উল্লেখ করেন। কূটনীতিকরা জানিয়েছেন, চলতি সপ্তাহে নিরাপত্তা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠকে চীন ও রাশিয়া এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে। ফলে তারা ভেটো দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত মাসেও যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব চীন ও রাশিয়ার ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে পাস হয়নি। সেই প্রস্তাবের ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে বৈধতা দেওয়ার পথ তৈরি হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। বাহরাইনের জাতিসংঘ প্রতিনিধি জামাল ফারেস আলরোওয়াই বলেন, আমরা আশা করছি, নিরাপত্তা পরিষদের সব সদস্যের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে প্রস্তাবটির চূড়ান্ত রূপ দেওয়া সম্ভব হবে।

এদিকে বিভিন্ন সূত্র ও কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি অস্থায়ী সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, যা যুদ্ধ বন্ধ করতে পারে। তবে এখনো সবচেয়ে বিতর্কিত বিষয়গুলোর সমাধান হয়নি। রাশিয়া ও চীন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও এক কূটনীতিক জানিয়েছেন, রাশিয়া প্রস্তাবটি প্রত্যাহার বা পুরোপুরি পুনর্লিখনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে চীন বলেছে, প্রস্তাবটি পক্ষপাতদুষ্ট। এতে জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের উল্লেখ করা হয়েছে, যা নিরাপত্তা পরিষদকে নিষেধাজ্ঞা থেকে শুরু করে সামরিক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয়। এছাড়াও তাড়া বলেন, ইরানের হরমুজ নিয়ন্ত্রনের অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্র ও বাহরাইনের প্রস্তাবে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা সৃষ্টি, হামলা ও টোল আরোপের হুমকির অভিযোগ আনা হয়েছে। এতে ইরানকে অবিলম্বে হামলা বন্ধ, পেতে রাখা মাইনের অবস্থান প্রকাশ এবং মাইন অপসারণ কার্যক্রমে বাধা না দেওয়ার দাবি জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রস্তাবকে “জাতিসংঘের কার্যকারিতার একটি পরীক্ষা” বলে উল্লেখ করেন এবং চীন ও রাশিয়াকে ভেটো না দেওয়ার আহ্বান জানান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন