হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

ভঙ্গুর যুদ্ধবিরতি

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা

ফন্ট সাইজ:

ইরানের একটি তেলের ট্যাংকারে হামলা চালানোয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া থেকে জানানো হয় যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করে কয়েকটি দেশের সঙ্গে মিলে ইরানের কাশম দ্বীপ সহ বেসামরিক অঞ্চলে হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র দস্যুতা এবং সন্ত্রাস করে যুদ্ধবিরতি ভেঙ্গে ইরানের তেলের ট্যাংকারে হামলা চালিয়েছে বলেও জানায় তারা। হামলার জবাবে যুক্তরাষ্ট্রের নৌযানে হামলা চালায় ইরান। এতে বাধ্য হয়ে জাহাজটি ওমান সাগরের দিকে পালিয়ে যায়। পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় যুদ্ধ উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ইরানের সেনাবাহিনী থেকে জানানো হয়, তাদের আঘাতে জাহাজটির বড় ক্ষতি হয়েছে। শত্রুদের জানা উচিত ইরান পূর্বে যেমন শক্তিশালী ছিলো এখনো তেমনই আছে। যেকোন আগ্রাসনের কড়া জবাব দিতে সবসময় প্রস্তুত তেহরান।

ইরানের রেভ্যুলেশনারি গার্ড কপর্সের (আইআরজিসি) নৌ ইউনিট জানায় তারা বিভিন্ন ধরণের ভারী অস্ত্র ব্যবহার করেছে। এগুলোর ভেতর আছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, জাহাজ বিদ্ধংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ধ্বংসাত্মক ড্রোন। ইরানের হামলার বিষয়ে সেন্টকম জানায়, তারা আঘাতগুলো প্রতিরোধ করেছে।

এছাড়াও তারা আত্মরক্ষামূলক হামলা চালানোর কথা স্বীকার করেন। সেন্টকম যুদ্ধের উত্তেজনা আর বাড়াতে চায় না বলেও জানিয়েছে। তবে তারা হরমুজ প্রণালিতে অবস্থান ধরে রাখবে এবং বড় হামলার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি ও এর আশেপাশে থেকে ইরানের কয়েকটি জাহাজ আটক করেছে এবং কয়েকটি জাহাজকে ফিরিয়ে দিয়েছে। হামলার এই ঘটনা ঘটলো যখন উভয়দেশ চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন