দুই ফুটবলারকে ছাড়াই থাইল্যান্ডে বাংলাদেশ নারী দল

দুই ফুটবলারকে ছাড়াই থাইল্যান্ডে বাংলাদেশ নারী দল

ফন্ট সাইজ:

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের প্রস্ততির জন্য গতকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে বাংলাদেশ নারী ফুটবল দল। আফঈদা-ঋতুপর্ণারা ব্যাংককের জন্য রওয়ানা হলেও ভিসা সংক্রান্ত জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি দুই গোলরক্ষক রুপনা চাকমা ও মিলি আক্তার এবং কোচিং স্টাফসহ ৯ সদস্য।

২৫শে মে ভারতের গোয়ায় শুরু হবে দক্ষিণ এশিয়ার নারীদের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ’। এই টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প ও কন্ডিশনিংয়ের জন্য থাইল্যান্ডকে বেছে নিয়েছে বাফুফে। ভিসা জটিলতার বিষয়ে বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘দুই গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় রওনা হতে পারেননি। ভিসা পাওয়ার ব্যাপারে আমরা থাই দূতাবাসের সাথে যোগাযোগ রাখছি। ভিসা হয়ে গেলে তারা দ্রুত থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।’ দলের সাথে থাইল্যান্ডে গিয়েছেন বৃটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ ক্যামরন লর্ড। তাদের পাসপোর্ট যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হওয়ায় থাইল্যান্ডে প্রবেশের জন্য আগাম ভিসার প্রয়োজন পড়েনি। একইভাবে সুইডিশ পাসপোর্ট থাকায় ভিসার ঝামেলা ছাড়াই দলের সাথে যোগ দিয়েছেন ফুটবলার আনিকা।বাফুফে জানিয়েছে, বাংলাদেশ জাতীয় নারী দল ২১শে মে পর্যন্ত থাইল্যান্ডে অবস্থান করবে।

এই দুই সপ্তাহে সেখানে স্থানীয় দুটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে তহুরা-ঋতুপর্ণাদের। এরপর সেখান থেকেই সরাসরি ভারতের গোয়ায় টুর্নামেন্টে অংশ নিতে রওয়ানা হবে দল। সাফে গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। দুবারই ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা উৎসব করে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার বাংলাদেশের সামনে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন। সেই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রামে কোরিয়ান ইপিজেডে ক্যাম্প করার পর উন্নত প্রশিক্ষণের জন্য থাইল্যান্ডে গেল মেয়েরা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের এবারের আসরে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে।

এ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শক্তিশালী ভারত এবং মালদ্বীপ। ২৯শে মে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে বাংলাদেশ। ৩১শে মে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাটলারের শিষ্যরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন