ক্রিকেটের তিন সংস্করণের সবশেষ সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলের সুখস্মৃতি নেই। তিনটিতেই তারা হেরেছে। গত মার্চে বাংলাদেশের ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারা পাকিস্তান এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজ খেলতে এসেছে। সেই পুরনো হিসাব-নিকাশ নিয়ে আপাতত ভাবছে না শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তান দল। পাকিস্তান অধিনায়কের ফোকাস নিজেদের উন্নতি ও সিরিজকে ঘিরে। মিরপুরে প্রথম টেস্টের আগে গতকাল সংবাদ সম্মেলনে শান বলেন, ‘আমরা আমাদের পক্ষ থেকে প্রতিশোধ শব্দের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। বাংলাদেশ দল ২০২৪ সালে যেভাবে প্রস্তুতি নিয়েছিল এবং খেলেছিল, তার জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এমনকি যখন আমরা সুবিধাজনক অবস্থানে ছিলাম যেমন যখন তাদের ২৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল তখনো তারা ঘুরে দাঁড়ানোর এবং টেস্ট ম্যাচ জেতার দক্ষতা ও সক্ষমতা দেখিয়েছে।’ দুই বছর আগে নিজেদের ঘরের মাঠে টাইগার পেসারদের কাছে পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো ধুঁকতে হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের পেসাররা ২১ উইকেট শিকার করেন। পাকিস্তান সুপার লীগেও টাইগার পেসার নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম দারুণ বোলিং করেন।
সিরিজ শুরুর আগে স্বাগতিক পেসারদের এগিয়ে রাখার কথা জানান বাংলাদেশ দলের টপঅর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ দুই দলের পেসারদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘ তাদের বোলিং আক্রমণ অত্যন্ত শক্তিশালী; আমি এ পর্যন্ত যা দেখেছি, সম্ভবত এটিই তাদের সেরা আক্রমণ। আমরা দুই দলের বোলিং ইউনিটের মধ্যে কোনো তুলনায় যাবো না, কারণ দুই পক্ষেই মানসম্পন্ন বোলার রয়েছে।’ পাকিস্তান অধিনায়ক আস্থা রাখছেন নিজেদের সামর্থ্যে। তিনি বলেন, ‘প্রতিটি দলের নিজস্ব শক্তি থাকে। আমরা
আমাদের দক্ষতা ও নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো বিচার করি। আমরা ১৬ সদস্যের একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে এসেছি যারা প্রায় সব ধরনের কন্ডিশনেই খেলতে পারে। আমাদের বর্তমান দল নিয়ে আমরা খুবই খুশি, এখন লক্ষ্য হলো (দুই ম্যাচে) দশ দিন ভালো ক্রিকেট খেলা। আশা করি, যারা সেরা খেলাটা উপহার দেবে তারাই সিরিজ জিতবে।’ সিরিজে পাকিস্তান দলের লক্ষ্য জানিয়ে শান বলেন, ‘আমাদের কাছে মূল লক্ষ্য হলো নিজেদের প্রক্রিয়া মেনে চলা এবং নিজস্ব ঘরানার ক্রিকেটে উন্নতি করা। আমাদের ইচ্ছা হলো এমন একটি দল হয়ে ওঠা, যারা জয়ের অবস্থানে পৌঁছানোর পর খেলা শেষ করে আসতে পারে।’ বাংলাদেশে পা রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়েছিলেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
সেই উচ্চাকাক্সক্ষা নিয়ে আপাতত ভাবনা নেই পাকিস্তান টেস্ট দলের অধিনায়কের। ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানেই থাকতে চান শান। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে থাকা ও পরিস্থিতিটাকে সম্মান করা। আমরা বাংলাদেশের বিপক্ষে খেলছি, যেটা একই সঙ্গে চ্যালেঞ্জেরও এবং সুযোগও। আমরা এখান থেকে খুব দূরে তাকাতে পারি না, ধাপে ধাপে যেতে হবে। সব দলই ফাইনালের স্বপ্ন দেখে, ট্রফি জেতারও, কিন্তু এই মুহূর্তে আমাদের পুরো নজরটাই বাংলাদেশ সিরিজে।’
