টানা দ্বিতীয় হার চ্যাম্পিয়ন আবাহনীর

টানা দ্বিতীয় হার চ্যাম্পিয়ন আবাহনীর

ফন্ট সাইজ:

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) শুরুটা দুঃস্বপ্নের মতো কাটছে শিরোপাধারী আবাহনীর। গতকাল অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের রেকর্ড গড়া সেঞ্চুরির পরও সিটি ক্লাবের কাছে ২ উইকেটে হেরে যায় ঐতিহ্যবাহী ক্লাবটি। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা লেপার্ডসের কাছে ৫ উইকেট হারে আবাহনী।

ক্রিকেটার্স একাডেমিতে বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং করে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। দলীয় অধিনায়কের সেঞ্চুরিতে ভর করে ২০৯ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আবাহনী। মোসাদ্দেক মাত্র ৫০ বলে ২০২ স্ট্রাইকরেটে ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি। এর আগের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার। ২০১৬ সালে ৫০ বলে সেঞ্চুরি করেন টাইগারদের সাবেক অধিনায়ক। আরেক ওপেনার জিসান আলমও করেন ৫৪ রান। তবে রান তাড়ায় মেহেদী মারুফের ফিফটিতে (৭১) ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় সিটি ক্লাব। ম্যাচসেরা হন মেহেদী।

টানা দ্বিতীয় জয় মোহামেডানের
আবাহনী হারের বৃত্তে বন্দি থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব আছে ছন্দে। টানা দুই ম্যাচে জয় পেয়েছে মতিঝিলের ক্লাবটি। গতকাল ৪৫ ওভারের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৫ উইকেটে হারায় মোহামেডান। ব্রাদার্সের দেয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাওহীদ হৃদয়ের ৮২ এবং তাইবুর রহমানের ৭৪ রানে ভর করে ১১ বল হাতে রেখে জয় নিশ্চিত করে দলটি।

বসুন্ধরাকে হারালো লিজেন্ডস অব রূপগঞ্জ
বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৭০ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন সামিউন বশির রাতুল। আইচ মোল্লা করেন ৬২ রান । দুজনের ব্যাটে চড়ে লিজেন্ডস অফ রূপগঞ্জ ৩৫৮ রানের পাহাড়সম সংগ্রহ পায়। জবাবে ২৭৫ রানেই থামে বসুন্ধরা স্ট্রাইকার্স। ৮৩ রানের বড় জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ। আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৮২ রানের বিশাল ব্যবধানে হারায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুনিম শাহরিয়ারের ৯২ রানের ওপর ভর করে ২৮৫ রান তোলে গাজী গ্রুপ। জবাবে মাত্র ১০৩ রানেই অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ৩৬ ওভারের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৩২ রানে হারায় গুলশান ক্রিকেট ক্লাবকে। শাহাদাত হোসেন দীপুর ৭৫ রানের ইনিংসে ভর করে ২০০ রান তোলে প্রাইম ব্যাংক। আর ঢাকা লেপার্ডসকে ৩১ রানে হারিয়ে এবারের মৌসুমে প্রথম জয় তুলে নেয অগ্রণী ব্যাংক। লেপার্ডসের হয়ে আলাউদ্দিন বাবু ৫৭ রানে ৫ উইকেট নিলেও দলের হার এড়াতে পারেননি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন