হেড কোচ নিয়োগে সরকারের কাছে অর্থ চাইলো বাফুফে

হেড কোচ নিয়োগে সরকারের কাছে অর্থ চাইলো বাফুফে

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ নিয়োগে বড় অঙ্কের অর্থ খরচ হবে। নিজস্ব অর্থায়নে বিপুল অর্থ খরচ করে কোচ নিয়োগের সামর্থ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নেই। সে জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা চাইলো বাফুফে। গতকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসে বাফুফে প্রতিনিধিদল।

১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে কোচ চূড়ান্ত করার শেষ দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সাধারণ সম্পাদক তুষার ইমরান এবং সরকারি সম্পর্ক কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)। বৈঠকে কোচের বেতন সংক্রান্ত আর্থিক সংকটের বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যে কোচকে ঠিক করবো তাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেই সীমাবদ্ধতা যদি এক্সিড করে তাহলে তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দিয়েছি।’ কোচ নিয়োগের বর্তমান অবস্থা সম্পর্কে আমিনুল বলেন, ‘তাদের এখনো শর্ট লিস্ট রয়েছে। তবে আমরা এখনো ফাইনাল করিনি যে আসলে কাকে আমরা নেবো। বাংলাদেশের ফুটবলের জন্য যে নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছি সেখানে সম্ভাব্য সেরা যিনি হবেন আমরা যাতে তাকে আমরা আনতে পারি।’

নতুন আরেকটি স্টেডিয়াম চেয়েছে বাফুফে
ঢাকায় দুটি স্টেডিয়াম বাফুফের অধীনে। জাতীয় স্টেডিয়াম ছাড়াও আছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম। এর সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের স্টেডিয়ামও ফুটবলের জন্য স্থায়ী বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকায় আরেকটি ফুটবল স্টেডিয়াম বরাদ্দ চেয়েছে বাফুফে। এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘স্পেসিফিক কোনো প্রস্তাবনা দেয়া হয়নি। তারা ঢাকার আশেপাশে কয়েকটি ভেন্যুর কথা বলেছে। আমি বলেছি, আপনারা নিজেরা গিয়ে আগে পরিদর্শন করে আসুন, তারপর আমাদের সঙ্গে বসে আলোচনার সাপেক্ষে যেটা ভালো হয়, সেদিকে আমরা সামনের দিকে এগোতে পারবো।’ কক্সবাজারে এক্সিলেন্স সেন্টারের জমির জন্য ৮ কোটি টাকা মওকুফ চেয়েছে বাফুফে। এ নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এটি আলোচনা করেছি। সেটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে চাওয়া রয়েছে এবং প্রত্যাশা রয়েছে, তা যেন মওকুফ করে দেয়া যায়।’

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন