অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী বাংলাদেশি শিক্ষার্থী নওশিন নাওয়ার উর্বির (২৪) জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবা সকাল সাড়ে ১১টায় মেলবোর্নের কীসবোরো মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। উর্বির জানাজায় সহপাঠী ও বাংলাদেশি কমিউনিটিসহ অসংখ্য বিদেশি মুসলিম কমিউনিটির মানুষ অংশগ্রহণ করেন। শুক্রবার রাত ১১টায় মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উর্বির মরদেহটি পাঠানো হবে। নওশিন নাওয়ার উর্বিরকে শনিবার বাংলাদেশের নরসিংদীর গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার বাগদত্তা সিয়াম জানিয়েছেন।
ঢাকা নয়াপল্টনের বাসিন্দা হুমায়ুন কবির সরকারের পুত্র সিয়াম আহমেদ সরকার জানান, আমাদের অনেক স্বপ্ন ছিল ভবিষ্যৎ নিয়ে। কিন্তু উর্বি চলে যাওয়া সেই স্বপ্ন ভেঙে গেছে। অনেক আশা নিয়ে উর্বি তার ভাইয়ের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করেছিল। আমাদের আগামী জুলাই মাসে দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল। কিন্তু তা আর হলো না। উর্বির মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। আমাদের সহপাঠী এবং অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটি হেল্প সেন্টারের আন্তরিক সহযোগিতায় উর্বির মরদেহ দেশে পাঠাতে পারছি।
অস্ট্রেলিয়া বাংলাদেশি কমিউনিটি হেল্প সেন্টারের এডমিন সিএইচ মাহবুবুর রহমান প্রান্ত জানিয়েছেন, উর্বির মরদেহ দেশে পাঠানোর যাবতীয় ব্যবস্থা হয়ে গেছে। উর্বির মরদেহটি দেশে পাঠাতে খরচ হবে ১৫ হাজার ডলার এবং আমরা সহযোগিতা পেয়েছি প্রায় ১০ হাজার ডলার। বাকি যা লাগবে আমাদের ফান্ড থেকে বহন করা হবে।
তিনি বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ায় যারা নতুন শিক্ষার্থী আসবে বা যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন সবাই তাদের ইন্সুইরেন্সে হসপিটাল কভার ও প্রত্যাবাসন সংযুক্ত করবেন। যাতে কেউ অসুস্থ হলে ও কোন ধরনের দুর্ঘটনা ঘটলে যাবতীয় খরচ ইনসুরেন্স কভার করে।
