আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মাঠে থাকা সেনাবাহিনীকে ‘পর্যায়ক্রমে’ ব্যারাকে ফিরিয়ে নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
সিলেট বিভাগের পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা ও করণীয় বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারি পর্যায়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে, আমরা অনির্দিষ্টকালের জন্য মাঠে সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে রাখতে পারব না।’
সেনাবাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনীকে প্রত্যাহার করে নিচ্ছি এটা সত্য। তবে আমরা কীভাবে করব, সেটা পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য সংস্থা বসে পর্যায়ক্রমে সে ব্যবস্থাটা নেব।’
