বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘মানুষকে টিকিয়ে রাখে তার যোগ্যতা ও কাজ, ওয়েবসাইট বা প্রচারণা নয়।’ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত লেখক ফরিদুর রেজা সাগরের লেখা ‘প্রিয়জন আপনজন’ বইয়ের প্রচ্ছদ উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তো কোনো ওয়েবসাইট ছিল না। তারপরও আমরা তার জীবনের খুঁটিনাটি জানি। কারণ, তিনি যোগ্য ছিলেন। মানুষ যোগ্য হলে তাকে মনে রাখবেই।’
অনুষ্ঠানে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী, কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, সাংবাদিক আনিস আলমগীর, গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার ও টক-শো 'তৃতীয় মাত্রা'র উপস্থাপক জিল্লুর রহমানসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রসিকতা করে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আগে বই বের হতো, তারপর প্রচ্ছদশিল্পীর পেছনে ঘুরতে হতো। এখন বই নেই, প্রচ্ছদ আছে—এও এক বিচিত্র ঘটনা।’
অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘‘বাংলাদেশে শুভেচ্ছা কামনা এখন দুর্লভতম বিষয়। বিশেষ করে ফেসবুকে গেলে সেটা বোঝা যায়। বিভিন্ন সময়ে আমাকে কখনো ‘সিআইএ এজেন্ট’, কখনো ‘ভারতীয় এজেন্ট’, আবার কখনো ‘পাকিস্তানি এজেন্ট’ বলেও সমালোচনা করা হয়েছে।’’
ফরিদুর রেজা সাগরের লেখালেখি প্রসঙ্গে তিনি বলেন, ‘চিন্তা করি যে এত ব্যস্ততার মধ্যে তিনি আদৌ লেখেন কিনা। কিন্তু আমি জানি, তিনি লিখতে পারেন এবং লিখছেনও।
লেখালেখির জন্য আলাদা জীবন প্রয়োজন উল্লেখ করে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ টেনে বলেন, ‘নিরিবিলি পরিবেশ ও দীর্ঘ সময়ের মনোনিবেশ একজন লেখককে বড় করে তোলে। লেখা এমন একটি কাজ, যার জন্য নিরবচ্ছিন্ন সময় দরকার।’
প্রচ্ছদের গুরুত্ব তুলে ধরে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘প্রচ্ছদ ডাক দেয়, টেনে নেয়। পাঠকের সঙ্গে বইয়ের প্রথম পরিচয়ই ঘটে প্রচ্ছদের মাধ্যমে।’
অনুষ্ঠানের শেষ দিকে তিনি লেখক ও প্রকাশকের উদ্দেশে শুভকামনা জানিয়ে বলেন, ‘বই প্রকাশের পর আবারও এমন আড্ডার আয়োজন হবে বলে আশা করি।’
বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সাধারণত বই লেখা শেষ হওয়ার পর প্রচ্ছদ প্রকাশ করা হয়। তবে এ বইয়ের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। বইয়ের কাজ এখনো পুরোপুরি শেষ না হলেও প্রচ্ছদ তৈরি হয়ে গেছে প্রায় তিন মাস আগেই। ১০০ জন মানুষকে নিয়ে লেখা হয়েছে বই। তাদের মধ্যে ৯৮ জনই এখানে উপস্থিত রয়েছেন। গত চার দিন আগে বইয়ের শেষ লেখা সম্পন্ন হয়েছে।’
অনুষ্ঠানে বইয়ের প্রচ্ছদ উন্মোচন করেন ‘প্রিয়জন আপনজন’ বইটির লেখক ও ছোটকাকুর স্রষ্টা এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, অন্য প্রকাশের নির্বাহী পরিচালক মাজহারুল ইসলাম, চিত্রশিল্পী আফজাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফারজানা ব্রাউনিয়া।
