আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে। এর মধ্যে এক অদ্ভুত রসিকতায় মেতেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, যদি কেউ ২০ লাখ ডলার (২৪ কোটি ৫৯ লাখ টাকা) খরচ করে ফাইনালের টিকিট কেনেন, তবে তিনি ব্যক্তিগতভাবে সেই দর্শককে ‘হট ডগ এবং কোক’ পৌঁছে দেবেন।
ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মে নিউজার্সির ফাইনাল ম্যাচের গোলপোস্টের পেছনের কিছু টিকিটের দাম হাঁকা হয়েছে ২০ লাখ ডলারেরও বেশি। এই অবিশ্বাস্য মূল্য নিয়ে প্রশ্ন তোলা হলে বেভারলি হিলসে আয়োজিত মিল্কেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে ইনফান্তিনো বলেন, ‘কেউ যদি রিসেল মার্কেটে ২০ লাখ ডলারে টিকিট ছাড়ে, তার মানে এই নয় যে টিকিটের প্রকৃত দাম অত, কিংবা কেউ তা কিনবেই।
তবে যদি কেউ এই দামে টিকিট কেনেন, আমি ব্যক্তিগতভাবে তাকে হট ডগ আর কোক পরিবেশন করবো, যাতে তার অভিজ্ঞতাটি স্মরণীয় হয়।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় ক্রীড়া আসরের তুলনায় এই দাম অস্বাভাবিক নয়। ইনফান্তিনোর ভাষ্যমতে, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিট ৩০০ ডলারের নিচেই পাওয়া যাচ্ছে, যা অনেকটা যুক্তরাষ্ট্রের সাধারণ ‘কলেজ গেম’ দেখার খরচের সমান।
এদিকে, ‘পুটিং ফ্যানস ফার্স্ট অ্যাক্ট’ পাসের মাধ্যমে টিকিটের কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে কানাডার ওন্টারিও সরকার। ফলে টরন্টোর ম্যাচগুলোর টিকিট এখন থেকে কেবল মূল দামেই কেনাবেচা করা যাবে। তবে যুক্তরাষ্ট্রের বাকি ১৫টি ভেন্যুর ক্ষেত্রে এমন কোনো আইনি বাধ্যবাধকতা না থাকায় ভক্তদের পকেট যে ভালোভাবেই কাটবে, তা স্পষ্ট।
বিবিসির এক জরিপে দেখা গেছে, গ্রুপ পর্বে ইংল্যান্ডের ম্যাচগুলো দেখতে একজন সমর্থকের যাতায়াত ও আবাসনসহ খরচ পড়বে প্রায় সাড়ে ৬ হাজার পাউন্ড। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকারও বেশি।
