হামাসের নির্বাসিত গাজাপ্রধান খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া বুধবার গাজা সিটিতে এক ইসরাইলি হামলায় গুরুতর আহত হয়েছেন। ওই হামলায় একজন নিহত হন। খলিল আল-হাইয়া গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় নেতৃত্ব দিচ্ছিলেন বলে সূত্র জানায়। এর আগেও ইসরাইলি হামলায় তার তিন ছেলে নিহত হন। ২০০৮ ও ২০১৪ সালে গাজা যুদ্ধের সময় দুই ছেলে নিহত হন।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত বছর দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এক ইসরাইলি অভিযানে আরেক ছেলে নিহত হন। হামাস কর্মকর্তা ও আল-হাইয়ার সহযোগী তাহের আল-নোনো ফেসবুকে লিখেছেন, আজম খলিল আল-হাইয়াকে লক্ষ্য করে গোলাবর্ষণ নৈতিক ও মানবিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ। তিনি আরও বলেন, হত্যা ও হামলা আলোচকদের অবস্থানকে আরও দৃঢ় করে তোলে এবং তারা জনগণের অধিকার রক্ষায় আরও অটল হয়ে ওঠে। ইসরাইলি সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
এর আগে বুধবার আরও দুটি ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে হামাস পরিচালিত পুলিশ বাহিনীর এক কর্নেলও ছিলেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, খান ইউনিসে মাদকবিরোধী বাহিনীর প্রধান নাসিম আল-কালাজানি নিজ গাড়িতে থাকা অবস্থায় আল-মাওয়াসি এলাকার কাছে ইসরাইলি হামলায় নিহত হন। এতে আরও অন্তত ১৭ জন আহত হন।
গাজায় নিজেদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে হামাস যে পুলিশ বাহিনী ব্যবহার করছে, তাদের ওপর ইসরাইল সাম্প্রতিক সময়ে হামলা বাড়িয়েছে।
