অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

১১ বছরের ছাত্রী অন্তঃসত্ত্বা

অভিযুক্ত সেই মাদ্রাসা শিক্ষক ৩ দিনের রিমান্ডে

ফন্ট সাইজ:

নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা ছাত্রীকে (১১) ধর্ষণের ফলে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার নেত্রকোণার মদন আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল হাকিম মোহসিনা ইসলাম এই আদেশ প্রদান করেন।

গ্রেপ্তারকৃত আমান উল্লাহ সাগর উপজেলার হযরত ফাতেমাতুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক। গত মঙ্গলবার রাত সোয়া ৪টার দিকে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে। বুধবার বিকেলে তাকে মদন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার সন্ধ্যায় আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ২৩ এপ্রিল শিক্ষক আমান উল্লাহ সাগর এবং তার ভাই মামুন মিয়াকে আসামি করে মদন থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শিক্ষকের লালসার শিকার হয়ে ১১ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

আদালতের জিআরও সোহরাওয়ার্দী রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্যই আদালত এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন