আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের বিশাল বহর ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এ দলে বড় চমক হিসেবে জায়গা করেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত অফস্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। সম্প্রতি বাংলাদেশ সফরে সাদা বলের ক্রিকেটে ব্যাট-বলে দ্যুতি ছড়ানোর পুরস্কার হিসেবে প্রথমবার লাল বলের দলে ডাক পেলেন তিনি।
নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ২৮ বছর বয়সী ফক্সক্রফট বলেন, ‘এটি স্বপ্নের মতো। ছোটবেলা থেকেই টেস্ট খেলার স্বপ্ন দেখতাম। আজ তা সত্যি হতে চলেছে।’ অন্যদিকে, পিঠের চোটের সঙ্গে দুই বছর লড়াই করে অবশেষে দলে ফিরেছেন ক্রিকেটে ফিরছেন দীর্ঘদেহী পেসার কাইল জেমিসন। চোট কাটিয়ে বাংলাদেশ সফরে নিজের ফিটনেসের প্রমাণ দিয়ে জায়গা করেছেন উইল ও’রোর্ক।
ব্যক্তিগত কারণে এ সফর থেকে ছুটি নিয়েছেন গত বছরের সেরা বোলার জ্যাকব ডাফি। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় স্ত্রীর পাশে থাকতে দেশেই থাকছেন তিনি। আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ব্যস্ত থাকলেও সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দেবেন কেন উইলিয়ামসন। কিউইদের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার টেস্ট রানের মাইলফলক থেকে ৫৩৯ রান দূরে তিনি। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা হেনরি নিকোলসও ফিরেছেন দলে। মাইকেল ব্রেসওয়েলর বিরতি এবং মিচেল স্যান্টনার চোটের কারণে স্পিন বিভাগের দায়িত্ব থাকবে গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর কাঁধে।
নিউজিল্যান্ডের আয়ারল্যান্ড সফরের একমাত্র টেস্ট বেলফাস্টে শুরু হবে ২৭শে মে। এরপর ৪ঠা জুন লর্ডসে শুরু হবে তিন ম্যাচের ‘ক্রো-থর্প ট্রফি’। পরের ম্যাচগুলো হবে ওভাল ও ট্রেন্ট ব্রিজে।
নিউজিল্যান্ড টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, ক্রিস্টিয়ান ক্লার্ক (শুধু আয়ারল্যান্ড টেস্ট), ডেভন কনওয়ে, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে (শুধু আয়ারল্যান্ড টেস্ট), রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স (আয়ারল্যান্ড টেস্ট ও ইংল্যান্ড সফরে রিজার্ভ), ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং (শুধ আয়ারল্যান্ড টেস্ট)।
