জার্মান শিপিং কোম্পানি হাপাগ-লয়েড জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় তাদের প্রতি সপ্তাহে প্রায় ৬ কোটি ডলার অতিরিক্ত জ্বালানি ও বিমা খরচ গুনতে হচ্ছে। কারণ, কৌশলগত এই নৌপথ দিয়ে জাহাজ পাঠানো এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছে কোম্পানিটি।
এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। হামবুর্গভিত্তিক এই শিপিং কোম্পানি বলেছে, ইরানি ড্রোন ও ছোট নৌযান থেকে হামলার আশঙ্কায় বিমা খরচ আকাশচুম্বী হয়ে গেছে। কোম্পিটির এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ বন্দরে পৌঁছানোর বিকল্প রুট বা স্থলপথে পরিবহনের সুযোগ সীমিত সক্ষমতার এবং এগুলো এ অঞ্চলের নিয়মিত সামুদ্রিক পথ পুরোপুরি প্রতিস্থাপন করতে পারে না। ইরান দাবি করেছে, জাহাজগুলোকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস বা আইআরজিসি পরিচালিত একটি যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
এই প্রক্রিয়ায় জাহাজকে ইরানের উপকূলের কাছ দিয়ে যেতে হয়, নাবিক ও পণ্যের তথ্য জমা দিতে হয় এবং কিছু ক্ষেত্রে অর্থও পরিশোধ করতে হয়। তবে আইআরজিসিকে অর্থ প্রদান করলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে শিপিং কোম্পানিগুলো এখন বড় ধরনের সংকটে পড়েছে। একদিকে অতিরিক্ত ব্যয়ে লাখ লাখ ডলার ক্ষতি, অন্যদিকে নিরাপদ যাতায়াতের জন্য ইরানি কর্তৃপক্ষকে অর্থ দিলে নিষেধাজ্ঞার মুখে পড়ার আশঙ্কা।
